ফতুল্লার আলীগঞ্জ মাঠ রক্ষায় মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন


নারায়ণগঞ্জের ফতুল্লার আলীগঞ্জ মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন হয়েছে। গতকাল শনিবার বিকেলে ফতুল্লার আলীগঞ্জ খেলার মাঠ থেকে শুরু করে পাগলা বাজার এলাকা পর্যন্ত প্রায় দুই কিলোমিটার সড়কে এ মানববন্ধন করা হয়।
আলীগঞ্জ মাঠের আশপাশে থাকা কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ছাড়াও মুক্তিযোদ্ধা, ক্রীড়া সংগঠক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মানববন্ধনে অংশ নেয়। কর্মসূচি চলাকালে যেকোনো মূল্যে ঐতিহ্যবাহী এ খেলার মাঠ রক্ষার শপথ নেওয়া হয়। এ জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করা হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন কুতুবপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার মুক্তিযোদ্ধা জহির উদ্দিন। বক্তব্য দেন জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির শ্রমিক উন্নয়ন ও কল্যাণবিষয়ক সম্পাদক আলীগঞ্জ ক্লাবের সভাপতি কাউসার আহমেদ, বাংলাদেশ স্টিল মিল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সিএসআরএমের স্বত্বাধিকারী শাহজাহান, জাতীয় দলের ক্রিকেটার রনি তালুকদার প্রমুখ। মানববন্ধনে আলীগঞ্জ মাদ্রাসা, আলীগঞ্জ উচ্চবিদ্যালয় (প্রভাতি ও দিবা শাখা) এবং আলীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়।
মানববন্ধন চলাকালে কাউসার আহমেদ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন দেশের প্রতিটি উপজেলায় একটি করে স্টেডিয়াম করার। অথচ ঐতিহ্যবাহী আলীগঞ্জ মাঠটি ধ্বংস করার ষড়যন্ত্র করা হচ্ছে। দেশের অনেক জেলায় খেলার মাঠ নেই। কিন্তু আমরা সৌভাগ্যবান যে বুড়িগঙ্গা নদীর তীরে আলীগঞ্জে এ মাঠটির অবস্থান। এ মাঠে আমরা খেলেছি। খেলেছেন দেশ-বিদেশের অনেক স্বনামধন্য ক্রিকেটার ও ফুটবলার। এখন আমাদের পরবর্তী প্রজন্ম এ মাঠে খেলছে। এখানে নিয়মিত বিভিন্ন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।’ কাউসার আহমেদ বলেন, মাঠটি রক্ষায় ২৫ হাজার মানুষের স্বাক্ষরসংবলিত যে স্মারকলিপি প্রধানমন্ত্রী বরাবর দেওয়া হয়েছিল, তা স্বার্থান্বেষী মহল প্রধানমন্ত্রীর কাছে পৌঁছায়নি।
৭ এপ্রিল একনেকের সভায় ফতুল্লার আলীগঞ্জে সরকারি কর্মকর্তাদের আবাসনের জন্য ১১ দশমিক ৬৫ একর জমিতে ১৫ তলাবিশিষ্ট আটটি ভবন নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়। ওই ১১ দশমিক ৬৫ একর জমির মধ্যে আলীগঞ্জ মাঠের ৫ দশমিক ৭০ একর জমি রয়েছে। একনেকের এই সিদ্ধান্তের বিরোধিতা করে গত ১০ এপ্রিল হাইকোর্টে রিট করেন কাউসার আহমেদ। এর পরিপ্রেক্ষিতে পরবর্তী চার সপ্তাহের মধ্যে একনেকের সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব, অর্থসচিব, পরিকল্পনা সচিব, গণপূর্ত সচিবসহ আট কর্মকর্তার বিরুদ্ধে রুল দেন উচ্চ আদালত।