ফতুল্লায় পশুর হাটে পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রেপ্তার
প্রতীকী ছবি

জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ থেকে ফোন পেয়ে নারায়ণগঞ্জ সদর উপজেলার একটি পশুর হাটে অভিযান চালায় পুলিশ। এ সময় জোর করে ট্রাক থেকে গরু নামাতে বাধা দিলে পুলিশের ওপর হামলা চালান হাটের ইজারাদারের লোকজন। বুধবার ভোরে ফতুল্লার ভূইগড় এলাকার মানিক চাঁনের হাটে এ ঘটনা ঘটে।

হামলায় পুলিশের উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান আহত হয়েছেন। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে তাঁকে উদ্ধারের পাশাপাশি তাৎক্ষণিকভাবে তিনজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সুজন সরদার, অপু কাজী ও সোহেল। এ ঘটনায় আহত পুলিশের এসআই বাদী হয়ে রাতে ১৭ জনের নাম উল্লেখ করে ৩৭ জনের বিরুদ্ধে মামলা করেছেন।

মামলার এজাহারে বলা হয়, বুধবার ভোরে লিংক রোড দিয়ে গরুর ব্যবসায়ীরা ট্রাকে করে গরু নিয়ে যাওয়ার পথে মানিক চাঁন নামের এক ইজারাদারের লোকজন তাঁদের আটকে জোর করে হাটে গরু নামানোর চেষ্টা করছেন বলে ৯৯৯–এ ফোন আসে। খবর পেয়ে এসআই মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায় এবং ট্রাক থেকে গরু নামাতে ওই ইজারাদারের লোকজনকে বাধা দেয়। তখন মানিক চাঁনের লোকজন ক্ষিপ্ত হয়ে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেন। এ সময় ইটের আঘাতে এসআই মিজানুর রহমান আহত হন। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ গিয়ে এসআই মিজানুর রহমানকে উদ্ধার করে এবং ঘটনাস্থল থেকে লাঠি, ইটের টুকরাসহ তিনজনকে গ্রেপ্তার করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিজাউল হক প্রথম আলোকে বলেন, ইজারাদার মানিক চাঁনের লোকজন অন্য হাটে যাওয়া গরুবাহী গাড়ি থামিয়ে জোর করে তাঁদের হাটে নামাচ্ছে— ৯৯৯ থেকে এমন ফোন পেয়ে পুলিশ সেখানে গেলে তাদের ওপর হামলা করা হয়। এ ঘটনায় রাতে পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা করা হয়েছে। এতে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

স্থানীয় এলাকাবাসীর অভিযোগ, উপজেলা প্রশাসন থেকে ফতুল্লার সাইনবোর্ড শান্তিধারা ও ভূইগড় এলাকায় মাঠের মধ্যে প্রতিবছর পশুর হাট বসানোর ইজারা নেন স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা। কিন্তু তাঁরা মাঠে হাট না বসিয়ে জনসাধারণের চলাচলের সড়কে হাট বসান। এমনকি বাসাবাড়ি থেকে বের হওয়ার ফটকেও গরু–ছাগল বেঁধে রাখেন প্রভাবশালী ব্যক্তিরা। কেউ প্রতিবাদ করলে তাঁর বাড়ির ফটকে তালা দেওয়ার হুমকি দেন ইজারাদারের সন্ত্রাসীরা।

এ বিষয়ে হাটের ইজারাদার মানিক চাঁনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও তাঁর মন্তব্য পাওয়া যায়নি।