ফতুল্লায় গ্যাস অপসারণকালে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু
নারায়ণগঞ্জের সদর উপজেলার ফতুল্লায় গাড়ির সিলিন্ডার থেকে গ্যাস অপসারণকালে বিস্ফোরণে দগ্ধ এক নারী মারা গেছেন। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ওই নারীর নাম হাসিনা বেগম (৪৬)। তিনি ফতুল্লার আলীগঞ্জ এলাকার মতিউর রহমানের স্ত্রী।
এ বিস্ফোরণের ঘটনায় তিনজনের মৃত্যু হলো। এর আগে গত সোমবার ভোরে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় দগ্ধ ট্রান্সপোর্ট ব্যবসায়ী জজ মিয়া (৫৫) ও ট্রাকচালক আলম হোসেন (৪৫) মারা যান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ওই বিস্ফোরণে দগ্ধ আরও দুজন একই হাসপাতালে চিকিৎসাধীন। আসমা বেগম (৪০) ও হাফসা (৬) নামের দগ্ধ ওই দুজন এখনো আশঙ্কামুক্ত নয়।
ওই বিস্ফোরণে দগ্ধ আরও দুজন একই হাসপাতালে চিকিৎসাধীন। আসমা বেগম (৪০) ও হাফসা (৬) নামের দগ্ধ ওই দুজন এখনো আশঙ্কামুক্ত নয়।
ঢাকা মেডিকেল কলেজ মর্গের দায়িত্বে থাকা আলমগীর হোসেন প্রথম আলোকে বলেন, বিকেলে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় হাসিনা বেগমের মৃত্যু হয়েছে। তাঁর লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
গত রোববার ফতুল্লার আলীগঞ্জে ব্যাপারীবাড়ি এলাকায় জজ মিয়ার বাড়ির সামনে ট্রাকমালিক ও চালক আবদুল বাতেন পুরোনো একটি গাড়ির সিলিন্ডার এনে রাখেন। ওই বাড়ির সামনের সড়কের ওপর সিলিন্ডার থেকে গ্যাস অপসারণকালে সেখানে আরেক ট্রাকচালক আলম হোসেন সিগারেটের আগুন জ্বালালে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে ১ শিশুসহ ১০ জন দগ্ধ হন। তাঁদের আশপাশের লোকজন উদ্ধার করে রাজধানীর শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনজন মারা গেলেন।