ফরমালিন ব্যবহারে জিরো টলারেন্স: খাদ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা খাদ্যে ফরমালিন ব্যবহারে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। তিনি বলেছেন, সরকার খাদ্যে ফরমালিনসহ জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর যেকোনো ধরনের রাসায়নিক ব্যবহার বন্ধ করতে কঠোর পদক্ষেপ নিয়েছে। এ ব্যাপারে কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

আজ মঙ্গলবার সকালে ঢাকার জাতীয় প্রেসক্লাবে ‘আমার হেলথ ডটকম’ আয়োজিত এক সেমিনারে খাদ্যমন্ত্রী কামরুল এ মন্তব্য করেন।

কামরুল ইসলাম বলেন, খাদ্যে ফরমালিন মেশানোর ঘটনায় আতঙ্ক দেখা দিয়েছিল। সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণের ফলে মানুষের মধ্য থেকে আতঙ্ক দূর হতে চলেছে। তিনি বলেন, সরকারের ফরমালিনবিরোধী পদক্ষেপে জনগণের মধ্যে সচেতনতা তৈরি হয়েছে।

সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে খাদ্যমন্ত্রী বলেন, ফরমালিনবিরোধী আইন প্রণয়ন করলেই যথেষ্ট হবে না। এ আইনকে যথাযথভাবে প্রয়োগের পাশাপাশি ফরমালিন ব্যবহারের ক্ষতিকর দিক সম্পর্কে জনগণকে সচেতন করে তুলতে হবে।

আমার হেলথের সম্পাদক চিকিত্সক অপূর্ব পন্ডিতের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বক্তব্য দেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার বেনজীর আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্যবিজ্ঞান বিভাগের পরিচালক আলেয়া মাওয়া, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সাধারণ সম্পাদক মো. আব্দুল মতিন। বাসস।