ফরমালিন রাখার দায়ে সাজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় দোকানে ফরমালিন রাখা ও কাঁঠালে ফরমালিন মেশানোর দায়ে রিপন সাহা নামের (৩২) এক ফল ব্যবসায়ীকে তিন মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গলাচিপা থানার ওসি শিশির কুমার পাল বলেন, গতকাল শুক্রবার সকালে গলাচিপা পৌরসভার পুরোনো লঞ্চঘাট এলাকায় রিপনের ফলের দোকানে পুলিশ অভিযান চালায়। এ সময় তাঁর দোকান থেকে ২০০ গ্রাম বোতলজাত ফরমালিনসহ তাঁকে আটক করা হয়। পরে নির্বাহী হাকিম ও গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহবুবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে রিপনকে জিজ্ঞাসাবাদ করেন। রিপন ফরমালিন রাখা এবং কাঁঠালে ফরমালিন মেশানোর কথা স্বীকার করলে আদালত তাঁকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন। গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি