ফরিদগঞ্জে ডাস্টবিনে নবজাতকের লাশ
চাঁদপুরের ফরিদগঞ্জ পৌর এলাকার ময়লা–আবর্জনা ফেলার ডাস্টবিন থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার বিকেলে পৌর এলাকার রূপসা রাস্তার মোড়ের ওই ডাস্টবিন থেকে লাশটি উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, পৌর এলাকার রূপসা রাস্তার মোড়ে উপজেলা মৎস্য কার্যালয়ের পাশে কৃষি বিভাগের জমির ওপর পৌর কর্তৃপক্ষ বাজারের ময়লা–আবর্জনা ফেলে। একই সঙ্গে আশপাশের হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানেরও আবর্জনাও এখানে ফেলা হয়।
বুধবার বিকেলে ওই ডাস্টবিনে জাহাঙ্গীর নামের এক ব্যক্তি একটি নবজাতকের লাশ পড়ে থাকতে দেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন দেন। পরে ফরিদগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে নিয়ে যায়।
স্থানীয় লোকজন জানান, রাতের আঁধারে কে বা কারা নবজাতকটিকে এখানে ফেলে গেছে, তা জানা যায়নি।
ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লক্সের আরএমও কামরুল হাসান বলেন, এটি সম্পূর্ণ নীতিবিবর্জিত কাজ। বিষয়টি খুঁজে বের করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শহিদ হোসেন বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন দিয়ে স্থানীয় লোকজন জানালে পুলিশ ঘটনাস্থলে এসে নবজাতকের লাশ উদ্ধার করে। পরে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশটি চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।