ফরিদগঞ্জে ভোটকেন্দ্রের পেছনের বাগান থেকে সিলযুক্ত ব্যালট উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউপি নির্বাচন
প্রতীকী ছবি

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ১১ নম্বর চরদুখিয়া পূর্ব ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে ভোটকেন্দ্রের পেছনের বাগান থেকে সিলযুক্ত ব্যালট পেপার, সিল ও মুড়ি উদ্ধার করা হয়েছে। গত রোবাবার বিকেলে সন্তোষপুর পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের একটি বাগান থেকে এসব জিনিস উদ্ধার করা হয়।

খবর পেয়ে ফরিদগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সদস্য পদে আপেল প্রতীকে সিলযুক্ত ২২টি ব্যালট পেপার, একটি সিল ও ২০০ ব্যালট পেপারের মুড়ি উদ্ধার করে। এ সময় উপস্থিত সাক্ষীদের সাক্ষ্য নিয়ে উদ্ধার হাওয়া ব্যালট থানায় নিয়ে আসা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ৫ জানুয়ারি পঞ্চম ধাপে চরদুখিয়া পূর্ব ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ১ নম্বর ওয়ার্ডে সদস্য পদে ৫৭৬ ভোট পেয়ে জয়ী হন হাবিবুর রহমান। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী তালা প্রতীকের প্রার্থী মো. আমিন ৪১৪ ভোট পান।
ফরিদগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) নাসির উদ্দিন বলেন, স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে চরদুখিয়া পূর্ব ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সন্তোষপুর পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পেছনের বাগান থেকে সিলযুক্ত ব্যালট পেপার, সিল ও মুড়ি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে থানার ওসি মোহাম্মদ শহীদ হোসেন বলেন, ‘আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি।’

হাবিবুর রহমানের দাবি, তিনি জয়ী হওয়ায় পরাজিত প্রার্থী ষড়যন্ত্রমূলকভাবে সেখানে ব্যালট রেখে তাকে ফাঁসানোর চেষ্টা করছেন।

জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল হোসেন আজ মঙ্গলবার বিকেলে প্রথম আলোকে বলেন, ‘আমরা শুনেছি পুলিশ কিছু সিলযুক্ত ব্যালট পেপার ও মুড়ি উদ্ধার করেছে। কিন্তু এ বিষয়ে এখনো আমরা কিছু পাইনি। পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’