ফরিদগঞ্জে স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধর্ষণ
প্রতীকী ছবি

চাঁদপুরের ফরিদগঞ্জে তিন তরুণের বিরুদ্ধে দশম শ্রেণির এক ছাত্রীকে রাস্তা থেকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত তরুণেরা ধর্ষণের ভিডিও ধারণ করে কাউকে না জানানোর হুমকিও দিয়েছেন বলে অভিযোগ করেছে ভুক্তভোগীর পরিবার।

রোববার দুপুরে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ছাত্রীর পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগ আমলে নিয়ে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

থানায় দেওয়া লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের একটি বিদ্যালয়ের ওই ছাত্রী রোববার দুপুরে বিদ্যালয় থেকে বাড়ি ফিরছিল। এ সময় অভিযুক্ত তিন তরুণ তাকে রাস্তা থেকে মুখ চেপে ধরে পাশের একটি বসতঘরে নিয়ে যান। সেখানে তাঁরা ওই ছাত্রীকে ধর্ষণ করেন এবং ধর্ষণের ভিডিও ধারণ করেন। ওই বসতঘরের মালিক লিপি বেগম (৩২) একই ইউনিয়নের ভোটাল গ্রামের ফারুকের স্ত্রী। তিনিও এ অপরাধে সহযোগিতা করেন বলে ওই ছাত্রী অভিযোগ করেছে।

অভিযুক্ত তিন তরুণ হচ্ছেন সাইসাঙ্গা গ্রামের শিমুল (২৪), নোয়াপাড়া গ্রামের ইজাজ হোসেন (২৩) ও আষ্টা গ্রামের সাব্বির হোসেন (২৪)। ধর্ষণের ঘটনা কাউকে জানালে ধারণ করা ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া হবে বলে ওই ছাত্রীকে হুমকি দেন অভিযুক্ত তরুণেরা।

এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন বলেন, ছাত্রীর পরিবারের দেওয়া লিখিত অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করার প্রক্রিয়া চলছে। চাঁদপুর সদর হাসপাতালে ওই ছাত্রীর স্বাস্থ্য পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে। অভিযুক্ত আসামিদের আটকের চেষ্টা চলছে।