ফরিদপুর করোনা ডেডিকেটেড হাসপাতালে আরও ৩ জনের মৃত্যু
ফরিদপুর করোনা ডেডিকেটেড হাসপাতালে ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন করোনায় ও অপর দুজন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। আজ শনিবার হাসপাতাল সূত্রে এ তথ্য জানা যায়।
করোনায় মারা যাওয়া ব্যক্তির নাম শহীদুল ইসলাম (৬০)। তিনি মধুখালী উপজেলার বাসিন্দা। করোনা সন্দেহে মারা যাওয়া দুজন হলেন ফরিদপুরের নগরকান্দা উপজেলার বাগাট গ্রামের সুকণ্ঠ বিশ্বাস (৬৫) ও বোয়ালমারী উপজেলার ভুলবাড়িয়া গ্রামের ছোয়াদ আলী চৌধুরী (৮০)।
করোনা শনাক্তের পর গতকাল শুক্রবার সকালে শ্বাসকষ্ট শুরু হলে শহীদুল ইসলামকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। পরে বিকেল চারটার দিকে তিনি মারা যান। আইসিইউতে কর্মরত জ্যেষ্ঠ নার্স যূথী রায় তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
করোনা ওয়ার্ডের নার্সিং সুপারভাইজার ফাতেমা বেগম বলেন, সুকণ্ঠ বিশ্বাস গতকাল সকালে ভর্তি হওয়ার কিছুক্ষণ পর মারা যান। ছোয়াদ আলী ভর্তি হন গত বৃহস্পতিবার, আর গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে তিনি মারা যান।
ফরিদপুর করোনা ডেডিকেটেড হাসপাতালে করোনা শনাক্ত হয়ে আজ শনিবার সকাল পর্যন্ত ভর্তি আছেন ১১৭ জন। এর মধ্যে আইসিইউতে চিকিৎসাধীন ১৪ জন। এ ছাড়া করোনা সন্দেহে চিকিৎসাধীন আরও ২৬ জন। গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন ৪৪ জন।
জেলা সিভিল সার্জন মো. ছিদ্দীকুর রহমান জানান, ফরিদপুরে এ পর্যন্ত ১২ হাজার ২৮০ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনায় ফরিদপুর জেলার ৮৬ জন মারা গেছেন। তবে ফরিদপুর করোনা ডেডিকেটেড হাসপাতালে করোনায় ফরিদপুর ও আশপাশ জেলার ২১২ জনের মৃত্যু হয়েছে।