ফরিদপুর করোনা ডেডিকেটেড হাসপাতালে ২৪ ঘণ্টায় মৃত্যু ১৪
ফরিদপুর করোনা ডেডিকেটেড হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা ও এর উপসর্গ নিয়ে ১৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে আটজন করোনায় ও ছয়জন এর উপসর্গ নিয়ে মারা গেছেন। একই সময়ে নতুন করে আরও ১৯৬ জনের করোনা শনাক্ত হয়েছে। আজ বুধবার হাসপাতাল সূত্রে এ তথ্য জানা যায়।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় ফরিদপুর করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ১৪ জনের মধ্যে ফরিদপুরের ৭ জন; রাজবাড়ী ও মাদারীপুরের ২ জন করে এবং শরীয়তপুর, গোপালগঞ্জ ও নড়াইলের ১ জন করে আছেন।
জেলা সিভিল সার্জন মো. ছিদ্দীকুর রহমান বলেন, ফরিদপুরে এ পর্যন্ত ১৮ হাজার ৩০৭ জনের করোনা শনাক্ত হয়েছে। তবে এ শনাক্তের তালিকায় র্যাপিড অ্যান্টিজেনের মাধ্যমে করোনা শনাক্ত ব্যক্তিদের যুক্ত করা হয়নি।
ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সাইফুর রহমান বলেন, করোনা ডেডিকেটেড হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন ৩৩৮ জন। এর মধ্যে করোনা রোগী ২৩১ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৫২ জন, সুস্থ হয়েছেন ৩৩ জন। এ পর্যন্ত জেলায় মারা গেছেন ৪০৩ জন।