ফরিদপুর করোনা হাসপাতালে ১৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৪৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস।
প্রতীকী ছবি

ফরিদপুর করোনা ডেডিকেটেড হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১৪ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ৩৭০ জনের নমুনা পরীক্ষা করে ১৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪০ দশমিক ২৭ শতাংশ। আজ শুক্রবার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় ফরিদপুর করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ১৪ জনের মধ্যে ১০ জনের করোনা শনাক্ত হয়েছিল। বাকি চারজন উপসর্গ নিয়ে মারা গেছেন। মৃত ব্যক্তিদের মধ্যে ফরিদপুরের ছয়জন, মাদারীপুরের চারজন, রাজবাড়ীর দুজন এবং গোপালগঞ্জ ও ঝিনাইদহের একজন করে আছেন।

ফরিদপুর সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, আরটি–পিসিআর ল্যাবে ৩০৪ জনের নমুনা পরীক্ষা করে ১২৫ জনের করোনা শনাক্ত হয়। এ ছাড়া র‌্যাপিড অ্যান্টিজেন পদ্ধতিতে ৬৬টি নমুনা পরীক্ষা করে ২৪টি নমুনা করোনা পজিটিভ আসে।

পিসিআর ল্যাবের তথ্য অনুযায়ী, শনাক্ত ১২৫ জনের মধ্যে আলফাডাঙ্গা উপজেলার ১ জন, ভাঙ্গায় ৩ জন, বোয়ালমারীতে ৪ জন, সদরে ১০১ জন, মধুখালীতে ২ জন, নগরকান্দায় ৪ জন, সদরপুরে ৭ জন ও সালথায় ৩ জন।

ফরিদপুরের সিভিল সার্জন মো. ছিদ্দীকুর রহমান বলেন, ফরিদপুরে এ পর্যন্ত ১৭ হাজার ৫৩২ জনের করোনা শনাক্ত হয়েছে। তবে এই তালিকায় র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় শনাক্ত ব্যক্তিদের সংখ্যা যুক্ত করা হয়নি বলে সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে।

ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সাইফুর রহমান বলেন, করোনা ডেডিকেটেড হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রোগী রয়েছেন ২৬৮ জন। তাঁদের মধ্যে করোনা শনাক্ত রোগী ১৯৫ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৩৮ জন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬০ জন। এ পর্যন্ত জেলায় মারা গেছেন ৩৮৩ জন।