ফরিদপুর পৌর আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর পৌর আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মনিরুল হাসানকে আহ্বায়ক করা হয়েছে। কমিটিতে ৩ জন যুগ্ম আহ্বায়ক এবং ৫৯ জন সদস্য রয়েছেন।

এদিকে আহ্বায়ক কমিটির ৬৩ জন সদস্যের মধ্যে একজনও নারী নেই। বিষয়টি নানা বিতর্কের জন্ম দিয়েছে। আওয়ামী লীগের নেতারা বলছেন, সংগঠনের গঠনতন্ত্র মেনে নারীদের কমিটিতে রাখার দরকার ছিল।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত) মির্জা আজম স্বাক্ষরিত এক চিঠিতে গতকাল বুধবার এই আহ্বায়ক কমিটির ঘোষণা দেওয়া হয়। ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে এই চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের ওপর অর্পিত ক্ষমতাবলে ফরিদপুর জেলা আওয়ামী লীগের অন্তর্গত পৌর অনুমোদিত কমিটি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য এই চিঠি প্রেরণ করা হলো।

এর আগে ২০১৬ সম্মেলনের মাধ্যমে ফরিদপুর শহর আওয়ামী লীগের কমিটি গঠিত হয়। ২০২০ সালের জুন মাসে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার হন এই কমিটির সভাপতি খন্দকার নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন ওরফে বরকত। পরে তাঁদের দল থেকে বহিষ্কার করা হয়।

সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটিতে যুগ্ম আহ্বায়ক পদে থাকা তিনজন হলেন সাইদ উদ্দিন আহমেদ, মনিরুজ্জামান ও বদিউজ্জামান। সব মিলিয়ে কমিটির সদস্য ৬৩ জন। কমিটিতে কোনো নারী স্থান পাননি।

জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ঝর্ণা হাসান এ বিষয়ে বিস্ময় প্রকাশ করেন। বলেন, এটি অবাক করা এক ঘটনা। যাঁদের নাম প্রস্তাব করে কেন্দ্রে জমা দেওয়া হয়েছিল, তাঁদের মধ্যে অন্তত পাঁচ-ছয়জন নারী ছিলেন। বেছে বেছে নারীদের কেন বাদ দেওয়া হলো, তা বোধগম্য নয়।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন বলেন, গঠনতন্ত্র মেনে ঘোষিত কমিটিতে নারীর সংখ্যা পূরণ করা হয়নি। দলের সভানেত্রীর পক্ষ থেকে নারী কোটা পূরণের বিষয়ে নির্দেশনা রয়েছে। সেই নির্দেশনা মানা দরকার ছিল।