ফরিদপুর বঙ্গবন্ধু হাসপাতালে করোনা সংক্রমণে ও উপসর্গে ১৩ জনের মৃত্যু
ফরিদপুর করোনা ডেডিকেটেড হাসপাতাল হিসেবে পরিচিত ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিৎিসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় করোনার সংক্রমণ ও উপসর্গ নিয়ে ১৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা সংক্রমণে আটজন ও উপসর্গ নিয়ে পাঁচজন মারা গেছেন। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ১৬৫ জনের। আজ বুধবার জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে এ তথ্য জানা যায়।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৩ জনের মধ্যে ৯ ফরিদপুরের, রাজবাড়ীর ৩ ও মাগুরার ১ জন আছেন। জেলায় নতুন করে যে ১৬৫ জনের করোনা শনাক্ত হয়েছে, তার মধ্যে পিসিআর ল্যাবে ৪৩২ জনের নমুনা পরীক্ষায় ১৫৭ জনের করোনা শনাক্ত হয়। র্যাপিড অ্যান্টিজেন পদ্ধতিতে ৪০ জনের নমুনা পরীক্ষায় ৮ জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন সংক্রমিত রোগীদের মধ্যে ভাঙ্গায় ১৭ জন, বোয়ালমারীতে ২, নগরকান্দায় ৭, মধুখালীতে ১৪, সদরপুরে ৩৫, চরভদ্রাসনে ১১, সালথা ২ ও ফরিদপুর সদরে ৬৯ জন আছেন। তবে বিভিন্ন উপজেলায় র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষার মাধ্যমে যে আটজনের করোনা শনাক্ত হয়েছে, তা তালিকাভুক্ত করা হয়নি। এ নিয়ে ফরিদপুর জেলায় করোনা শনাক্ত ব্যক্তির সংখ্যা দাঁড়াল ১৯ হাজার ৪১৬।
ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সাইফুর রহমান বলেন, করোনা ডেডিকেটেড হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন আছেন ২৬১ জন। এর মধ্যে করোনা রোগী ১৭৯ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৩৩ জন এবং সুস্থ হয়েছেন ৩৭ জন। এ পর্যন্ত জেলায় করোনায় মারা গেছেন ৪৫৩ জন।