ফরিদপুরে অগ্নিকাণ্ডে নিঃস্ব তিন পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে রবি দাসপল্লিতে অগ্নিকাণ্ডে নিঃস্ব হয়েছে দরিদ্র তিনটি পরিবার। আজ রোববার বেলা তিনটার দিকে শহরের রথখোলা এলাকার ওই পল্লিতে আগুন লাগে। সেই আগুনে কপাল পোড়ে তিন পরিবারের। পরিবার তিনটির সদস্যরা এখন সাহায্যপ্রত্যাশী।

ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয় সূত্র জানায়, রবি দাসপল্লিতে মুচি সম্প্রদায়ের দরিদ্র লোকজন বসবাস করে। বহু বছর ধরে এই পল্লিতে ৩৬টি পরিবার বসবাস করে আসছে। আগুনে পল্লির দিপালী রবি দাসের একটি দোতলা টিনের বাড়ি, শ্যামল রবি দাস ও বীরবল রবি দাসের দুটি একতলা টিনের ঘর পুড়ে গেছে। এতে নগদ ৫০ হাজার টাকাসহ মোট ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

দিপালী রবি দাস বলেন, আগুনে তাঁর নগদ ৫০ হাজার টাকা এবং আসবাবপত্রসহ দোতলা টিনের ঘরটি পুড়ে ভস্মীভূত হয়েছে। এতে অন্তত পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে।

স্থানীয় ওষুধের দোকানি রুমানুল বাসার সরদার বলেন, দিপালী রবি দাসের বাড়ির দোতলার একটি কক্ষ থেকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে। প্রথমে এলাকাবাসী ও পরে ফরিদপুর ফায়ার সার্ভিসের একটি দল এসে আগুন নেভায়।

ফরিদপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আলমগীর হোসেন বলেন, আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে একটি ইউনিট গিয়ে আগুন নেভায়।