ফরিদপুরে আধিপত্য নিয়েই যত সংঘর্ষ
জমির ধান কাটা, ঘর তোলা, জমির মালিকানা নিয়ে জেলাটিতে প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আহত ও ভাঙচুরের সংখ্যাও কম না।
সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে মারামারি বা সংঘর্ষের ঘটনা নিয়ে গত বছর বেশ আলোচিত ছিল ব্রাহ্মণবাড়িয়া জেলা। দুই গ্রামের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে লুডুখেলা নিয়েও। তবে পুলিশের কাছে থাকা নথি অনুযায়ী, সংঘর্ষের ঘটনা ফরিদপুর জেলাতেও কম না। বিভিন্ন উপজেলা মিলিয়ে প্রায় ৭৫টি সংঘর্ষের ঘটনা ঘটেছে জেলাটিতে। এর বেশির ভাগই আধিপত্য বিস্তারকে ঘিরে।
৭৫টি সংঘর্ষের ঘটনায় প্রাণ গেছে পাঁচজনের। আহত হয়েছেন ১ হাজারের বেশি। ঘরে হামলা ও ভাঙচুর হয় পাঁচ শতাধিক। মারামারি বা সংঘর্ষের ঘটনা নিয়ে ফরিদপুর জেলা পুলিশের নথিতে থাকা ঘটনাগুলো ২০১৯ সালের ১ আগস্ট থেকে ২০২০ সালের ৩১ জুলাইয়ের মাঝামাঝি সময়ের। এর বাইরে জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত প্রথম আলোতে এই জেলার ১৩টি সংঘর্ষের ঘটনা নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এসব ঘটনায় তিনজন নিহত হয়েছেন।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, ব্যক্তিগত ও রাজনৈতিক দ্বন্দ্ব ছাড়াও জেলায় প্রায়ই জমির ধান কাটা, ঘর তোলা, দুই গ্রামের দলাদলি, আগের মামলার জেরে সংঘর্ষের ঘটনা ঘটে। এসব ঘটনায় পুরুষদের পাশাপাশি নারী ও শিশুরাও অংশ নেয়। গ্রামের এক পক্ষের পুরুষেরা সংঘর্ষে জড়ালে নারী ও শিশুরা প্রতিপক্ষকে ছুড়ে মারার জন্য ইটের টুকরা ও ছাই সরবরাহ করে।
প্রতিহিংসা, হিংসা থেকেই সংঘর্ষ হয়। এটি বংশপরম্পরায়ও চর্চা হয়।
সালথা উপজেলার আটঘর ইউনিয়নের খোয়াড় গ্রামের স্থায়ী বাসিন্দা মাফিকুল ইসলাম (৩২)। সরকারি চাকরিজীবী মাফিকুল বলেন, ‘ছোটবেলা থেকেই গ্রামে হওয়া সংঘর্ষ দেখেছি। যখন সংঘর্ষের ঘটনা ঘটে, তখন দুই পক্ষের নারী ও শিশুরাও এতে জড়িয়ে যায়। তারা ঝুড়ি ভরে ইটের টুকরা, ছাই সরবরাহ করে। বলতে গেলে বড়দের সংঘর্ষের মনোভব ছোটদের মধ্যেও থাকে।’
ফরিদপুর মেডিকেল কলেজের মনোরোগবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ফরিদ আহমেদ প্রথম আলোকে বলেন, প্রতিহিংসা, হিংসা থেকেই সংঘর্ষ হয়। এটি বংশপরম্পরায়ও চর্চা হয়। দেখা যায়, বাবা হিংসা চরিতার্থ করতে না পেরে মৃত্যুর আগে ছেলের ওপর সে দায়িত্ব দিয়ে যান। এ ছাড়া হতাশ ও বেকারত্বের কারণেও মানুষ খুব দ্রুত আগ্রাসী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হয়ে পড়ে। তাদের দিয়ে সহজেই এ কাজ করিয়ে নেওয়া যায়। এ কারণে গ্রামের সংঘর্ষগুলোতে লোকসমাগম বেশি হয়।
২০১৯–এর আগস্ট থেকে ২০২০ সালের জুলাই পর্যন্ত জেলা পুলিশের নথি অনুযায়ী, সবচেয়ে বেশি সংঘর্ষের ঘটনা ঘটে বোয়ালমারী উপজেলায়, ৩৬টি। এ ছাড়া আলফাডাঙ্গায় ১৩, সালথায় ১২, ভাঙ্গায় ৭, নগরকান্দায় ৫ ও ফরিদপুর সদরে ২টি।
সংঘর্ষ ঠেকাতে গিয়ে দুই পক্ষের হামলার শিকার হন পুলিশের সদস্যরাও। সমাধানের জন্য পুলিশ বাদী হয়ে বিবদমান দুই পক্ষের লোকজনকে আসামি করে মামলা করে।
আর সংঘর্ষের কারণ ও ধরনের শ্রেণি অনুযায়ী, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সর্বোচ্চ ৪২টি, গ্রাম্য দলাদলির কারণে ১৫, আগের মামলার জেরে ১০, আওয়ামী লীগের দুই পক্ষের বিরোধ, জমির ধান কাটা, ঘর তোলা নিয়ে ২টি করে এবং জমির মালিকানা ও রাজনৈতিক বিরোধে ১টি করে সংঘর্ষের ঘটনা ঘটে।
গত বছরের ২৪ আগস্ট ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের হাবেলি গঙ্গাদরদী গ্রামে বিলে মাছ ধরাকে কেন্দ্র করে হওয়া সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন শামীম (২৭) ও রাকিব মাতুব্বর (১৫) নামের দুই ভাই। বিলটিতে কোন পক্ষ মাছ ধরবে, সে দ্বন্দ্বের জেরে ওই সংঘর্ষের ঘটনা ঘটে।
এ ছাড়া আধিপত্য বিস্তার করতে গিয়ে সংঘর্ষে জড়িয়েছেন সরকার দলীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরাও। ২০১৯ সালের ১০ আগস্ট নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের কাইচাইল মধ্যপাড়া দারুল উলুম মাদ্রাসা প্রাঙ্গণে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে গুলিতে রওশন আলী মিয়া (৫২) ও তুহিন মিয়া (২৫) নামের দুজন নিহত হন। ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবির হোসেনের সঙ্গে তাঁর চাচাতো ভাই ও যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য হানিফ মিয়ার আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে এই সংঘর্ষের ঘটনা ঘটেছিল।
ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান প্রথম আলোকে বলেন, সংঘর্ষ ঠেকাতে গিয়ে দুই পক্ষের হামলার শিকার হন পুলিশের সদস্যরাও। সমাধানের জন্য পুলিশ বাদী হয়ে বিবদমান দুই পক্ষের লোকজনকে আসামি করে মামলা করে। এতে দেখা যায়, দুই পক্ষই দৌড়ের ওপর থাকে। কিন্তু সংঘর্ষ বন্ধ হয় না।
জেলা নাগরিক মঞ্চের সভাপতি আওলাদ হোসেন বলেন, ‘একটি উপজেলার নাম উল্লেখ করে লোকজনকে বলতে শুনি, ওই উপজেলার জন্যই নাকি ফরিদপুরের আদালত টিকে আছে। এ পরিস্থিতির সমাধান প্রয়োজন।’