ফরিদপুরে আরও তিনজনের করোনা শনাক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টেকনিশিয়ানসহ আরও তিনজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ফরিদপুর মেডিকেল কলেজে স্থাপিত করোনা শনাক্তকরণ ল্যাব সূত্রে আজ শুক্রবার বিকেলে এ তথ্য জানা গেছে।

এ নিয়ে ফরিদপুর জেলায় ২৪ জন করোনা রোগী শনাক্ত হলো।

আক্রান্ত তিনজনের মধ্যে একজন নগরকান্দা, একজন মধুখালী ও অপরজন আলফাডাঙ্গা উপজেলার বাসিন্দা। আক্রান্ত টেকনিশিয়ান ছাড়া অন্য দুজন ঢাকার মিরপুর থেকে বাড়ি ফেরেন।

ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান জানান, ওই তিনজনের বাড়িসহ আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে।

ফরিদপুরের সিভিল সার্জন মো. ছিদ্দিকুর রহমান বলেন, ফরিদপুরে এ পর্যন্ত মোট ২৪ জনের করোনা শনাক্ত হলো। তাঁদের মধ্যে পাঁচজন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

আজ ফরিদপুরের ল্যাবে মোট ১৭৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাঁদের মধ্যে ফরিদপুরের ১০০ ও গোপালগঞ্জের ৭৭টি। পরীক্ষায় ফরিদপুরে তিনজনের এবং গোপালগঞ্জের ছয়জনের পজিটিভ এসেছে।