ফরিদপুরে আরও ১৪ জনের মৃত্যু, শনাক্ত ছাড়াল ১৪ হাজার
ফরিদপুর করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে আটজন করোনায় আক্রান্ত ছিলেন। বাকি ছয়জন করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন।
এদিকে গত ২৪ ঘণ্টায় ফরিদপুরে আরও ১৬৪ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৪৫ দশমিক ৮১ শতাংশ। এর মধ্যে দিয়ে ফরিদপুরে আক্রান্ত মানুষের সংখ্যা ১৪ হাজার ১১২–এ দাঁড়িয়েছে।
সিভিল সার্জনের কার্যালয় ও ফরিদপুর করোনা ডেডিকেটেড হাসপাতাল সূত্রে জানা গেছে, ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৪ জনের মধ্যে ফরিদপুর জেলার আটজন। তাঁদের মধ্যে পাঁচজন করোনায় আক্রান্ত এবং তিনজন উপসর্গ নিয়ে মারা গেছেন। বাকি ছয়জনের মধ্যে করোনায় আক্রান্ত মাগুরার দুজন এবং রাজবাড়ীর একজন আছেন। উপসর্গ নিয়ে মারা গেছেন মাদারীপুরের দুজন এবং রাজবাড়ীর একজন।
গত ২৪ ঘণ্টায় জেলায় ৩৭৬ জনের নমুনা পরীক্ষা করে আরও ১৬৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে আলফাডাঙ্গায় ৪ জন, ভাঙ্গায় ৩৪ জন, বোয়ালমারীতে ৮ জন, নগরকান্দায় ৭ জন, মধুখালীতে ৯ জন, সদরপুরে ২৪ জন, চরভদ্রাসনে ৩ জন, সালথায় ৯ জন ও ফরিদপুর সদরের ৬৬ জন আছেন। এর আগের ২৪ ঘণ্টায় শনাক্তের হার ছিল ৪৬ দশমিক শূন্য ৪ শতাংশ।
ফরিদপুর করোনা ডেডিকেটেড হাসপাতালের পরিচালক সাইফুর রহমান বলেন, ওই হাসপাতালে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত ৩০৫ জন চিকিৎসাধীন। এর মধ্যে করোনা শনাক্ত রোগী আছেন ২৩৬ জন।