ফরিদপুরে আরও ১৮৪ জনের করোনা শনাক্ত, ৯ জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস পরীক্ষা
প্রতীকী ছবি

ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় আরও ১৮৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে দিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ১৭৯। এদিকে গত ২৪ ঘণ্টায় ফরিদপুর করোনা ডেডিকেটেড হাসপাতালে নয়জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে ৩৭৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। করোনা শনাক্ত হয়েছে ১৮৪ জনের। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৪৮ দশমিক ৯৩ শতাংশ। এর আগের ২৪ ঘণ্টায় শনাক্তের হার ছিল ৪২ দশমিক ৮১ শতাংশ। ২৪ ঘণ্টার ব্যবধানে শনাক্তের হার বেড়েছে ৬ দশমিক ১২ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় ফরিদপুর করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন করোনা শনাক্ত ও উপসর্গ নিয়ে নয়জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে তিনজনের করোনা শনাক্ত হয়েছিল। এর মধ্যে ফরিদপুর সদরের একজন, মাগুরার একজন ও রাজবাড়ী জেলার একজন আছেন। উপসর্গ নিয়ে মারা যাওয়া ছয়জনের মধ্যে তিনজন ফরিদপুরের।

ফরিদপুরে নতুন করে করোনা শনাক্ত হওয়া ১৮৪ জনের মধ্যে আলফাডাঙ্গায় ১ জন, ভাঙ্গায় ১৫ জন, বোয়ালমারীতে ৩ জন, নগরকান্দায় ৭ জন, মধুখালীতে ২ জন, সদরপুরে ৭ জন, সালথায় ১ জন ও ফরিদপুর সদরে ১৪৮ জন। জেলায় এ পর্যন্ত ১৩ হাজার ১৭৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

ফরিদপুর করোনা ডেডিকেটেড হাসপাতালের পরিচালক সাইফুর রহমান বলেন, ওই হাসপাতালে আজ শুক্রবার সকাল পর্যন্ত ২২৭ জন চিকিৎসাধীন। এর মধ্যে করোনা শনাক্ত রোগী আছেন ১৫৪ জন। বাকিরা উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন।