ফরিদপুরে ইউপি সদস্যকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধর্ষণ
প্রতীকী ছবি

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার একটি ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা ওয়ার্ডের সদস্যকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার রাতে কয়েকজন যুবক তাঁকে ধর্ষণ করেন।

এ ঘটনায় ওই নারী ইউপি সদস্য বাদী হয়ে সাতজনকে আসামি করে গতকাল রোববার রাতে বোয়ালমারী থানায় মামলা করেছেন। ঘটনায় জড়িত অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ সোমবার শারীরিক পরীক্ষার জন্য ওই নারীকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, ওই নারী ইউপি সদস্য (৩৫) তাঁর স্বামীর সঙ্গে শনিবার বিকেলে পাশের বোয়ালমারী উপজেলার এক গ্রামে ছেলের জন্য পাত্রী দেখতে যান। পাত্রী দেখা শেষে সন্ধ্যার দিকে বাড়িতে ফেরার পথে অমৃতনগর বটতলা এলাকায় এলে সেখানে বসে থাকা কয়েকজন যুবক ওই ইউপি সদস্য ও তাঁর স্বামীর পথরোধ করেন।

একপর্যায়ে ইউপি সদস্যের স্বামীকে মারধর করে তাঁকে একটি নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করেন। পরে এলাকাবাসী অসুস্থ অবস্থায় ওই নারী ইউপি সদস্যকে উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেন।

এ ঘটনায় গতকাল সকালে ওই নারী ইউপি সদস্য বোয়ালমারী থানায় গিয়ে বিষয়টি পুলিশকে জানান। দুপুরের দিকে পুলিশ ঘটনার সঙ্গে জড়িত মাহাবুব আলম (৩০) নামের এক ব্যক্তিকে আটক করে। মাহাবুব বোয়ালমারী পৌরসভার রায়পুর মহল্লার বাসিন্দা। তিনি পেশায় মাইক্রোবাসের চালক।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আবদুল ওহাব বলেন, এ ঘটনায় মাহাবুব আলমসহ সাতজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন ওই নারী ইউপি সদস্য। আটক মাহাবুব আলমকে গ্রেপ্তার দেখিয়ে জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (মধুখালী-বোয়ালমারী-আলফাডাঙ্গা সার্কেল) সুমন কর বলেন, আদালতে মাহাবুব আলম জবানবন্দি না দিলে পরে তাঁকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। দ্রুত আসামিদের গ্রেপ্তার করা সম্ভব হবে বলে তিনি আশা করেন।