ফরিদপুরে করোনা ও উপসর্গে আটজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাসের প্রতীকী ছবি

ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় করোনা ও করোনার উপসর্গ নিয়ে আটজনের মৃত্যু হয়েছে। এই সময়ে ১২০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে ফরিদপুরে এখন পর্যন্ত করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ৭৫৮। আজ শনিবার জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র এ তথ্য জানিয়েছে।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া আটজনের মধ্যে পাঁচজন করোনায় এবং বাকি তিনজন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। তাঁরা ফরিদপুর করোনা ডেডিকেটেড হাসপাতালে মারা গেছেন। তাঁদের মধ্যে চারজনের বাড়ি ফরিদপুরে ও বাকি চারজনের রাজবাড়ীতে।

করোনায় ফরিদপুর সদরের ডাঙ্গী এলাকার শেখ জলিল (৭৫) ও মধুখালী উপজেলার মাঝকান্দি এলাকার রোকেয়া (৬০) এবং রাজবাড়ী সদরের মিলন কুমার বসু (৭৫), বিনোদপুরের খুরশিদা বানু (৭৪) ও পাংশার দাউদ আলী সরদার (৭০) মারা গেছেন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় ২৪৫টি নমুনা পরীক্ষা করে ১২০ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪৮ দশমিক ৯৮ শতাংশ। নতুন শনাক্ত হওয়া ১২০ জন রোগীর মধ্যে আলফাডাঙ্গার ২, ভাঙ্গার ১৬, বোয়ালমারীর ১, নগরকান্দার ৬, সদরপুরের ২১, চরভদ্রাসনের ১১, মধুখালীর ২২, সালথার এক ও সদরের ৪০ জন রয়েছেন।

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সাইফুর রহমান বলেন, করোনা ডেডিকেটেড হাসপাতালে বর্তমানে ৩২১ জন রোগী চিকিৎসাধীন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১২ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭০ জন। এ পর্যন্ত মারা গেছেন ৩৪৯ জন।