ফরিদপুরে করোনা ডেডিকেটেড হাসপাতালে আরও নয়জনের মৃত্যু
মারা যাওয়া নয়জনের মধ্যে করোনা ওয়ার্ডে চারজন ও নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) পাঁচজন চিকিৎসাধীন ছিলেন। আইসিইউতে মারা যাওয়া পাঁচজনের মধ্যে চারজনের করোনা শনাক্ত হয়েছিল।
ফরিদপুরে করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও নয়জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চারজন করোনায় আক্রান্ত ছিলেন। তাঁদের মধ্যে তিনজনের বাড়ি ফরিদপুর ও একজনের গোপালগঞ্জে।
ফরিদপুরের তিনজন হলেন সদর উপজেলার কৈজুরি ইউনিয়নের ভাটপাড়া গ্রামের রেশমা বেগম (৩৫), নগরকান্দা উপজেলার সিরাজুল ইসলাম (১০০) ও বোয়ালমারী উপজেলার বাইক্ষীর গ্রামের মমতাজ বেগম (৬৫)। রাজ্জাক শেখ (৮০) নামের অপরজনের বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায়।
মারা যাওয়া নয়জনের মধ্যে করোনা ওয়ার্ডে চারজন ও নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) পাঁচজন চিকিৎসাধীন ছিলেন। আইসিইউতে মারা যাওয়া পাঁচজনের মধ্যে চারজনের করোনা শনাক্ত হয়েছিল। আইসিইউতে কর্মরত জ্যেষ্ঠ সেবিকা যূথী রায় বলেন, গত ২৪ ঘণ্টায় এই নয়জন মারা গেছেন।
ফরিদপুরের সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ফরিদপুর আরও ১১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় ১১ হাজার ৬৬০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মারা গেছেন ২০৮ জন। এর মধ্যে ফরিদপুরে মারা গেছেন ৮১ জন।
সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে জেলায় করোনা শনাক্তের হার ২১ দশমিক ২৩। মৃত্যুর হার ১ দশমিক ৭৪ এবং সুস্থতার হার ৯০ দশমিক ৭১।
ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সাইফুর রহমান বলেন, বর্তমানে করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১১৪ জন। এর মধ্যে আইসিইউতে ১৪ জন এবং করোনা ওয়ার্ডে ১০০ জন।