ফরিদপুরে করোনা রোগী ২০ হাজার ছাড়াল
ফরিদপুরে করোনা রোগীর সংখ্যা ২০ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৮২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে ফরিদপুরে শুধু পিসিআর ল্যাবের মাধ্যমে শনাক্ত করোনা রোগীর সংখ্যা ২০ হাজার ১৮।
এদিকে ফরিদপুর করোনা ডেডিকেটেড হাসপাতাল হিসেবে পরিচিত ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় তিনজন ও করোনার উপসর্গ নিয়ে একজন মারা গেছেন। তাঁদের মধ্যে ফরিদপুরের দুজন এবং রাজবাড়ী ও গোপালগঞ্জের একজন করে ব্যক্তি রয়েছেন।
ফরিদপুর সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার সকাল আটটা থেকে আজ বুধবার সকাল আটটা পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২৩ দশমিক ৫৬। পিসিআর ল্যাবের মাধ্যমে ৩২১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৭৭ জনের করোনা শনাক্ত হয়েছে। র্যাপিড অ্যান্টিজেন পদ্ধতিতে ২৭ জনের পরীক্ষা করে ৫ জনের করোনা শনাক্ত হয়েছে।
পিসিআর ল্যাবের দেওয়া তথ্য অনুযায়ী, শনাক্ত ৭৭ জনের মধ্যে আলফাডাঙ্গায় ১ জন, ভাঙ্গা ও বোয়ালমারীতে ৩ জন, মধুখালীতে ৮, সদরপুরে ৬, চরভদ্রাসনে ১ জন, সালথায় ৫ এবং ফরিদপুর সদরের ৫০ জন আছেন।
সিভিল সার্জন মো. ছিদ্দীকুর রহমান বলেন, ফরিদপুরে পিসিআর ল্যাবের মাধ্যমে এ পর্যন্ত ২০ হাজার ১৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে র্যাপিড অ্যান্টিজেনে শনাক্ত ব্যক্তিদের সংখ্যা যোগ করা হয়নি।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সাইফুর রহমান বলেন, করোনা ডেডিকেটেড হাসপাতালে বর্তমানে ১৬৬ জন চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত আছেন ১১১ জন। গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ২০ জন। এ পর্যন্ত জেলায় মারা গেছেন ৪৮২ জন।