ফরিদপুরে করোনা রোগীর সংখ্যা ১৮ হাজার ছাড়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাসের প্রতীকী ছবি

ফরিদপুর জেলায় গত ২৪ ঘণ্টায় আরও ২০৯ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে করোনা শনাক্তের হার ৪০ দশমিক ৭৪ শতাংশ। এ নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা ১৮ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা ও করোনার উপসর্গ নিয়ে চারজন মারা গেছেন। আজ মঙ্গলবার জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় পিসিআর ল্যাবের মাধ্যমে ৪৩৫ জনের নমুনা পরীক্ষা করে ১৮৪ জনের এবং র‌্যাপিড অ্যান্টিজেন দিয়ে ৭৮ জনের নমুনা পরীক্ষা করে ২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে ফরিদপুরে বর্তমানে করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ১০৩।

পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় শনাক্ত ১৮৪ জনের মধ্যে আলফাডাঙ্গার ৫, ভাঙ্গার ১৯, বোয়ালমারীর ৪, নগরকান্দার ১১, মধুখালীর ২, সদরপুরের ৩৪, চরভদ্রাসনের ৩, সালথায় ৩ এবং ফরিদপুর সদরের ১০৩ জন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় ফরিদপুর করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া চারজনের মধ্যে দুজন করোনায় আক্রান্ত ছিলেন এবং দুজনের উপসর্গ ছিল। এর মধ্যে ফরিদপুর ও রাজবাড়ীতে একজন করে এবং মাদারীপুরে দুজন মারা গেছেন। তাঁদের মধ্যে করোনায় ফরিদপুরের ভাঙ্গার হাবিবুর রহমান (৭০) এবং রাজবাড়ীর গোয়ালন্দের আমেনা বেগম (৬৫) মারা গেছেন।

ফরিদপুরের সিভিল সার্জন মো. ছিদ্দীকুর রহমান বলেন, ফরিদপুরে এ পর্যন্ত ১৮ হাজার ১০৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সাইফুর রহমান বলেন, করোনা ডেডিকেটেড হাসপাতালে বর্তমানে ৩৩৩ জন চিকিৎসাধীন। এর মধ্যে করোনা রোগী ২২৯ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৫৭ জন এবং সুস্থ হয়েছেন ৪৩ জন। এ পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত হয়ে মোট ৩৯৫ জন মারা গেছেন।