ফরিদপুরে করোনা শনাক্ত বেড়েছে, বিধিনিষেধে ফাঁকা শহর
ফরিদপুর জেলায় গত ২৪ ঘণ্টায় আরও ১৫৩ জনের করোনা শনাক্ত হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব হাসপাতালের পিসিআর ল্যাব থেকে এই তথ্য জানানো হয়েছে। এর আগের দিন বৃহস্পতিবার জেলায় ১৩১ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছিল।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, ২৪ ঘণ্টার ব্যবধানে ফরিদপুরে করোনা শনাক্ত ১২ দশমিক ৬২ শতাংশ কমেছে। শুক্রবার শেখ মুজিব হাসপাতালের পিসিআর ল্যাবে ফরিদপুরের ৩৪৫টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে করোনা শনাক্ত হয় ১৫৩ জনের। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৪৪ দশমিক ৩৪। গত বৃহস্পতিবার ২৩০টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে করোনা শনাক্ত হয় ১৩১ জনের। শনাক্তের হার ৫৬ দশমিক ৯৫।
গত বুধবার শনাক্তের এ হার ছিল ৪৮ দশমিক ২২। গত মঙ্গলবার এ জেলায় করোনা শনাক্তের হার ছিল ৪৯ দশমিক ৭৬। গত সোমবার করোনা শনাক্তের হার ছিল ৪৬ দশমিক ৩৪। রোববার শনাক্তের হার ছিল ৪৯ দশমিক ৫৭।
গত ২৪ ঘণ্টায় ফরিদপুরে করোনায় আক্রান্ত আরও দুজনের মৃত্যু হয়েছে। তাঁরা হলেন ফরিদপুর শহরের রথখোলা মহল্লার বাসিন্দা নারায়ণ ভট্টাচার্য (৮০) ও ভাঙ্গা উপজেলার ঘাড়ুয়া ইউনিয়নের খারদিয়া গ্রামের বাসিন্দা নূরুদ্দিন খান (৭৫)। তিনি খারদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন।
ফরিদপুর সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, এ পর্যন্ত ফরিদপুরে করোনায় আক্রান্ত ৮৫ জনের মৃত্যু হয়েছে। তবে ফরিদপুর, এর আশপাশের জেলাসহ ফরিদপুর করোনা ডেডিকেটেড হাসপাতালে করোনা শনাক্ত হয়ে মৃত্যুর সংখ্যা ২১১। এ পর্যন্ত ১২ হাজার ২৭৮ জনের করোনা শনাক্ত হয়েছে।
ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মো. সাইফুর রহমান জানান, করোনা ডেডিকেটেড হাসপাতালে শুক্রবার করোনা শনাক্ত ১২০ জন চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ১৫ জন আইসিইউতে এবং ১০৫ জন করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ২৯ জন।
বিধিনিষেধের পঞ্চম দিনে ফাঁকা শহর
ফরিদপুরে কঠোর বিধিনিষেধের পঞ্চম দিন ছিল শুক্রবার। এদিনও স্থবির ছিল জনজীবন। শহরের প্রধান সড়ক হিসেবে পরিচিত মুজিব সড়কে মাঝেমধ্যে দুই–একটি রিকশা ও ইজিবাইক চলাচল করতে দেখা গেলেও কোনো দোকানপাট খোলা দেখা যায়নি।
শুক্রবার দুপুর সাড়ে ১২টা থেকে বেলা দেড়টা পর্যন্ত শহরের জনতা ব্যাংকের মোড়, ভাঙ্গা রাস্তার মোড় এলাকা একপ্রকার জনশূন্য দেখা গেছে। তবে রাজবাড়ী রাস্তার মোড়ে ঢাকাগামী যাত্রীদের দুর্দশা ছিল চোখে পড়ার মতো।
শহরে কঠোর বিধিনিষেধ মানার জন্য পুলিশের সঙ্গে কাজ করছেন জেলা ছাত্রলীগের নেতা–কর্মীরা। যেসব মোড়ে পুলিশ দেওয়া হয়নি সেসব মোড়ে ছাত্রলীগের নেতা–কর্মীরা যানবাহন ও পথচারী চলাচল নিয়ন্ত্রণ করছেন। শহরের তেঁতুলতলার মোড়, রথখোলা সড়কে ওয়াপদার সামনে, মহিম স্কুলের মোড়সহ বিভিন্ন মোড়ে ছাত্রলীগ নেতা–কর্মীদের পাহারা দিতে দেখা গেছে।
শহরের ভাজনডাঙ্গা মহল্লার বাসিন্দা রিকশাচালক কুতুব শেখ (৩৫) বলেন, ‘পলাইয়া–পালাইয়া রিকশা চালাতে হচ্ছে পেটের দায়ে। পুলিশের চোখে পড়লে কথা নাই, ধইরা সারদা সুন্দরী স্কুল পুলিশ লাইনে ঢুকিয়ে দেবে। আবার কোনো কোনো সময় সিটও খুলে নেয়, চাবি কেড়ে নেয়।’
ফরিদপুর জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক গণেশ আগরওয়ালা বলেন, হাসপাতালে আসার পথে চিকিৎসক, নার্স, আয়া হয়রানির শিকার হচ্ছেন। তাঁরা রিকশায় আসতে চাইলে রিকশা থেকে নামিয়ে দিচ্ছে পুলিশ। কার্ড দেখানোর পরও তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করা হচ্ছে।
ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান বলেন, কঠোর বিধিনিষেধ পালনে পুলিশকে কঠোর হতে হয়েছে। তিনি বলেন, হাসপাতালসহ যেসব অফিস খোলা রয়েছে, তাদের কর্মকর্তা-কর্মীদের অফিসে যাওয়া–আসা নিজস্ব ব্যবস্থাপনায় করার কথা। রিকশা কিংবা অটো নিজস্ব ব্যবস্থাপনা হতে পারে না। তারপরও মানুষ যাতে হয়রানির শিকার না হয়, সে ব্যাপারে নজর রাখা হবে।