ফরিদপুরে করোনা শনাক্তের হার ৪৮ শতাংশ, বিধিনিষেধের আওতা বাড়ছে
ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় ২৫৩ জনের নমুনা পরীক্ষা করে ১২২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪৮ দশমিক ২২ শতাংশ। ফরিদপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব হাসপাতালের পিসিআর ল্যাব সূত্র আজ বুধবার সন্ধ্যায় এ তথ্য জানিয়েছে। আজ থেকে এ ল্যাবে অ্যান্টিজেন পরীক্ষা শুরু হয়েছে। এদিন ৩৭ জনের অ্যান্টিজেন পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ৯ জনের।
গতকাল মঙ্গলবার জেলায় করোনা শনাক্তের হার ছিল ৪৯ দশমিক ৭৬ শতাংশ। গত সোমবার শনাক্তের হার ছিল ৪৬ দশমিক ৩৪ শতাংশ। রোববার শনাক্তের হার ছিল ৪৯ দশমিক ৫৭ শতাংশ। আর শনিবার শনাক্তের হার ছিল ৩১ দশমিক ৭৪ শতাংশ। ফরিদপুর সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, এ নিয়ে ফরিদপুরে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজার ৯৯৪।
এদিকে ২৪ ঘণ্টায় ফরিদপুর করোনা ডেডিকেটেড হাসপাতালে করোনায় আক্রান্ত একজন এবং করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তির নাম ওয়াহাব বিশ্বাস (৭৫)। তিনি বোয়ালমারী উপজেলার সৈয়দপুর গ্রামের মৃত আজিজ বিশ্বাসের ছেলে। ১৩ জুন তিনি এ হাসপাতালের আইসিইউতে ভর্তি হন। গতকাল রাত পৌনে ৯টার দিকে মারা যান তিনি।
২৪ ঘণ্টায় ফরিদপুর করোনা ডেডিকেটেড হাসপাতালে করোনায় আক্রান্ত একজন এবং করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে।
আশপাশের জেলার বাসিন্দাসহ ফরিদপুর করোনা ডেডিকেটেড হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন ২০৬ জন। তাঁদের মধ্যে শুধু ফরিদপুর জেলার বাসিন্দা মারা গেছেন ৮২ জন।
ফরিদপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মো. সাইফুর রহমান জানান, করোনা ডেডিকেটেড হাসপাতালে আজ করোনা শনাক্ত ১২৭ জন রোগী চিকিৎসাধীন। তাঁদের মধ্যে ১৫ জন আইসিইউতে এবং ১১২ জন করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন।
কঠোর বিধিনিষেধের আওতা দিন দিন বাড়ছে
করোনা পরিস্থিতির অবনতি ঘটায় সোমবার থেকে ফরিদপুর, বোয়ালমারী ও ভাঙ্গা; আজ বুধবার থেকে মধুখালী পৌরসভায় এবং কাল বৃহস্পতিবার থেকে সদরপুর উপজেলায় কঠোর বিধিনিষেধ জারি করা হয়েছে।
বিধিনিষেধের তৃতীয় দিনে আজ ফরিদপুর পৌরসভার ২১টি প্রবেশপথ বাঁশ দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। ফরিদপুরের পুলিশ সুপার মো. আশিমুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) জামাল পাশা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার, ট্রাফিক পরিদর্শক (প্রশাসন) তুহিন লস্কর সড়কে অবস্থান করে এসব কাজ তদারকি করেন।
ভাঙ্গা পৌরসভাতে তৃতীয় দিনের মতো লকডাউন চলছে আজ। ভাঙ্গা বাজারসহ পৌর এলাকা ঘুরে দেখা যায়, ভাঙ্গা বাজারের সব দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। বাজারসহ পৌর এলাকার সব প্রবেশপথে পুলিশ বাঁশ দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রতিনিয়ত পৌর এলাকায় টহল দিচ্ছেন।
বোয়ালমারী পৌরসভায় কঠোর বিধিনিষেধের তৃতীয় দিন আজ কঠোর অবস্থানে দেখা গেছে প্রশাসন ও পুলিশকে। এদিকে মধুখালী পৌরসভা এলাকায় আজ সকাল ৬টা হতে ৩০ জুন মধ্যরাত পর্যন্ত কঠোর বিধিনিষেধ কার্যকর শুরু হয়েছে। পৌরসভার প্রবেশ ও বহিরাগমনের প্রবেশপথগুলো কঠোর নজরদারিতে রেখেছে পুলিশ। কোনো প্রকার যানবাহন বের কিংবা প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। শক্ত বাঁশের ব্যারিকেড দিয়ে পাহারায় রয়েছেন পুলিশ ও গ্রাম পুলিশের সদস্যরা।