ফরিদপুরে করোনা হাসপাতালে আরও ১০ জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনায় মৃত্যু
ফাইল ছবি

ফরিদপুরের করোনা ডেডিকেটেড বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জন মারা গেছেন। এ সময়ে জেলায় ২৮৬ জনের নমুনা পরীক্ষা করে ৬১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২১ দশমিক ৩৩ শতাংশ।

সর্বশেষ মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ফরিদপুরের বাসিন্দা দুজন, রাজবাড়ী ও মাদারীপুরের তিনজন করে এবং মাগুরা ও গোপালগঞ্জের বাসিন্দা একজন করে রয়েছেন। তাঁদের মধ্যে ছয়জন করোনায় হয়ে এবং চারজন উপসর্গ নিয়ে মারা গেছেন।

ফরিদপুর সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, ফরিদপুরে সবশেষ পিসিআর ল্যাবের মাধ্যমে ২৪৭ জনের নমুনা পরীক্ষা করে ৫৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ ছাড়া র‍্যাপিড অ্যান্টিজেন পদ্ধতিতে ৩৯ জনের নমুনা পরীক্ষা করে ৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

জেলায় পিসিআর ল্যাবের মাধ্যমে এখন পর্যন্ত ১৯ হাজার ৯৪১ জনের করোনা শনাক্ত হয়েছে।

পিসিআর ল্যাবের তথ্য অনুযায়ী, করোনা শনাক্ত হওয়া ৫৪ জনের মধ্যে ভাঙ্গার ১২, বোয়ালমারীর ১, নগরকান্দার ৬, মধুখালীর ৪, সদরপুরের ৩, চরভদ্রাসনের ৫ ও ফরিদপুর সদরের ২৩ জন রয়েছেন। ফরিদপুরের সিভিল সার্জন মো. ছিদ্দীকুর রহমান বলেন, জেলায় পিসিআর ল্যাবের মাধ্যমে এখন পর্যন্ত ১৯ হাজার ৯৪১ জনের করোনা শনাক্ত হয়েছে। তবে র‍্যাপিড অ্যান্টিজেনে শনাক্ত ব্যক্তিদের সংখ্যা মোট ডেটাবেইসে এখনো যুক্ত করা হয়নি।

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সাইফুর রহমান বলেন, করোনা ডেডিকেটেড হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রোগী রয়েছেন ১৭৪ জন। তাঁদের মধ্যে করোনা রোগী ১২৫ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২১ জন। এ পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৭৯ জন।