ফরিদপুরে করোনার উপসর্গ নিয়ে একজনের মৃত্যু

ফরিদপুরে করোনার উপসর্গ নিয়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল ১০টার দিকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ওই বৃদ্ধা ফরিদপুরের গোয়ালচামট মহল্লার মোল্লা বাড়ি সড়ক এলাকার বাসিন্দা। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সাইফুর রহমান প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন।
ওই বৃদ্ধার ছেলে সাগর জানান, গত শুক্রবার সকালে জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে তাঁর মা শাহিনা আখতার (৬০) ফরিদপুর করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি হন। রোববার তাঁর মায়ের শরীর থেকে করোনাভাইরাস শনাক্তকরণের পরীক্ষার জন্য নমুনাও নেওয়া হয়। আজ সকাল ১০টার দিকে তাঁর মা হাসপাতালেই মারা যান।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সাইফুর রহমান বলেন, ওই বৃদ্ধার করোনা শনাক্তকরণের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে তিনি কোভিড-১৯–এ আক্রান্ত ছিলেন কি না।
ফরিদপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুম রেজা বলেন, স্বাস্থ্যবিধি মেনে সোমবার বিকেলে ওই বৃদ্ধার লাশ ফরিদপুর পৌরসভার আলীপুর কবরস্থানে দাফন করা হয়।