ফরিদপুরে কামাল ইবনে ইউসুফের স্মরণে সভা ও দোয়া মাহফিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রয়াত কামাল ইবনে ইউসুফের দোয়া মাহফিল। আজ বিকেলে ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নে।
প্রথম আলো

জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ বলেছেন, দেশের জনগণের বর্তমানে ভোটের অধিকার নেই। বর্তমান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) শাসক দলকে তুষ্ট করতে তামাশার নির্বাচন করে রাষ্ট্রের অর্থের অপচয় করছেন। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার স্বার্থেই এই সিইসিকে সরে যেতে হবে।
বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি, সাবেক মন্ত্রী ও সাংসদ চৌধুরী কামাল ইবনে ইউসুফ স্মরণে আয়োজিত স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে চৌধুরী নায়াব ইউসুফ এসব কথা বলেন। রোববার বিকেলে ফরিদপুরের সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে লক্ষ্মীদাসের হাটে এ সভার আয়োজন করা হয়।

ঈশান গোপালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাহেদ পারভেজের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন সদ্য বিলুপ্ত জেলা বিএনপির সহসভাপতি মো. আবদুল লতিফ মিয়া, ঈশান গোপালপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুজ্জামান চৌধুরী, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হাসান চৌধুরী, শহর বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, কোতোয়ালি থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফর রহমান, অম্বিকাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জয়নাল আবেদীন চৌধুরী, ঈশান গোপালপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সেকেন্দার বিশ্বাস প্রমুখ।

বক্তারা চৌধুরী কামাল ইবনে ইউসুফের দীর্ঘ কর্মময় জীবনের ওপর আলোকপাত করে তাঁর রুহের মাগফিরাত কামনা করেন। তাঁরা বলেন, সুদীর্ঘ রাজনৈতিক জীবনে বারবার ফরিদপুরের সাধারণ মানুষ তাঁকে সাংসদ হিসেবে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। কিন্তু কখনোই তাঁর বিরুদ্ধে কেউ জনগণের অধিকার হরণের অভিযোগ তুলতে পারেননি। তাঁর এই মহতী জীবন থেকে শিক্ষা নেওয়ার অনেক কিছু রয়েছে।
এর আগে দুপুরে চৌধুরী কামাল ইবনে ইউসুফের জ্যেষ্ঠ কন্যা চৌধুরী নায়াব ইউসুফ সদর উপজেলার গেরদা ইউনিয়নে ছয় শতাধিক দুস্থ পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন। এ ছাড়া তিনি আরও কয়েকটি সামাজিক অনুষ্ঠানে যোগ দেন।