ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে ১৩ জনের মৃত্যু

করোনাভাইরাস প্রতীকী ছবি।

ফরিদপুর করোনা ডেডিকেটেড হাসপাতালে করোনা ও এর উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া এ সময় আরও ২৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনার বিপরীতে শনাক্তের হার ৪৮ দশমিক ৩৪।

ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার আরও বেড়ে গেছে। গতকাল বৃহস্পতিবার এ হার ছিল ৪০ দশমিক ৩০। ২৪ ঘণ্টার ব্যবধানে তা বেড়ে ৪৮ দশমিক ৩৪–এ উন্নীত হয়েছে।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, ফরিদপুরে বর্তমানে করোনা শনাক্তের সংখ্যা ১৮ হাজার ৭০৩।

ফরিদপুর করোনা ডেডিকেটেড হাসপাতালে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৩ জনের মধ্যে করোনায় ১০ জন এবং এর উপসর্গে ৩ জন মারা গেছেন। মৃত ১৩ জনের মধ্যে ফরিদপুরের ৭, রাজবাড়ীর ৪ ও মাদারীপুরের দুজন রয়েছেন।

ফরিদপুর সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, ফরিদপুরে নতুন করে যে ২৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে, তার মধ্যে পিসিআর ল্যাবের মাধ্যমে ৪৩০ জনের মধ্যে ২২১ জন এবং র‍্যাপিড অ্যান্টিজেন পদ্ধতিতে ৫৪ জনের মধ্যে ১৩ জন রয়েছেন।
পিসিআর ল্যাবের তথ্য অনুযায়ী, শনাক্ত ২২১ জনের মধ্যে আলফাডাঙ্গায় ৯, ভাঙ্গায় ১৪, বোয়ালমারীতে ৭, নগরকান্দায় ১১, মধুখালীতে ২৮, সদরপুরে ২৪, চরভদ্রাসনে ২৬, সালথায় ৪ এবং ফরিদপুর সদরে ৯৮ জন। তবে বিভিন্ন উপজেলায় র‍্যাপিড অ্যান্টিজেন পরীক্ষার মাধ্যমে যে ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে, উপজেলাওয়ারি সে তালিকা জানা সম্ভব হয়নি।

ফরিদপুরের সিভিল সার্জন মো. ছিদ্দীকুর রহমান বলেন, ফরিদপুরে এ পর্যন্ত ১৮ হাজার ৭০৩ জনের করোনা শনাক্ত হয়েছে। তবে শনাক্তের এ তালিকার মধ্যে র‍্যাপিড অ্যান্টিজেনে শনাক্ত ব্যক্তিদের সংখ্যা যুক্ত করা হয়নি।

ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সাইফুর রহমান বলেন, করোনা ডেডিকেটেড হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন ৩২৪ জন। এর মধ্যে করোনা শনাক্ত রোগী ২৩১ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৪২ জন এবং সুস্থ হয়েছেন ৪৩ জন। এ পর্যন্ত জেলায় মারা গেছেন ৪১৮ জন।