ফরিদপুরে গলাব্যথা-কাশি নিয়ে যুবকের মৃত্যু

ফরিদপুরে কোভিড-১৯ রোগীর সংখ্যা পাঁচ শ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় ফরিদপুরে সাত পুলিশ সদস্যসহ আরও ২৮ জনের করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে ফরিদপুর জেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ৫০৭ জনে।
গতকাল রোববার রাতে ফরিদপুর মেডিকেল কলেজের করোনা শনাক্তকরণ ল্যাব সূত্রে এ তথ্য জানা গেছে। এই ২৮ জনের মধ্যে ৫ থেকে ২০ বছরের বয়সী ৪ জন রয়েছে। আর ৪১ থেকে ৬০ বছরের মধ্যে আছেন ১২ জন।
ফরিদপুরে নতুন করে যে ২৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে তাঁদের মধ্যে ফরিদপুর সদরে ১০ জন, বোয়ালমারীতে ৯ জন, চরভদ্রাসনে ৪ জন, নগরকান্দায় ৩ জন ও মধুখালীতে ২ জন। আক্রান্তদের মধ্যে ৮ জন নারী ও ২০ জন পুরুষ। তাঁদের মধ্যে ফরিদপুরে কর্মরত র্যাব-৮ এর তিনজন সদস্য রয়েছেন। এ ছাড়া ফরিদপুর সিভিল সার্জনস কার্যালয়ের এক কর্মচারী রয়েছেন।
ফরিদপুরের করোনা শনাক্তকরণ ল্যাব সূত্রে জানা গেছে, রোববার ফরিদপুর ও গোপালগঞ্জের মোট ২৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়। মোট পজিটিভ শনাক্ত হয়েছে ৫৩ জনের। এর মধ্যে ফরিদপুরে দুজন পুরোনোসহ ৩০জন, নড়াইল ও রাজবাড়ীর একজন করে এবং গোপালগঞ্জের ২১ জন।
রোববার পর্যন্ত ফরিদপুরে মোট শনাক্ত ৫০৭ জন। এঁদের মধ্যে ফরিদপুর সদরে ১২৪ জন, ভাঙ্গায় ১৩১ জন, বোয়ালমারীতে ৭৫, নগরকান্দায় ৪২, চরভদ্রাসনে ৪৩, আলফাডাঙ্গায় ৩২, সদরপুরে ৩০, মধুখালীতে ১৬ এবং সালথায় ১৪ জন রয়েছেন।
পুলিশ সুপার মো. আলিমুজ্জামান বলেন, ফরিদপুর সদর, বোয়ালমারী, নগরকান্দা, চরভদ্রাসন ও মধুখালীতে ২৪ ঘণ্টায় নতুন করে যে ২৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে তাঁদের প্রত্যেকের বাড়ি বিচ্ছিন্ন করা হয়েছে।
ফরিদপুরের সিভিল সার্জন মো. ছিদ্দীকুর রহমান বলেন, আক্রান্তদের আপাতত বাড়িতে রেখে চিকিৎসা দেওয়া হবে। তবে শারীরিক পরিস্থিতির অবনতি হলে তাঁদের ফরিদপুরের করোনার জন্য নির্ধারিত হাসপাতালে স্থানান্তর করা হবে।