ফরিদপুরের সালথায় ব্যাটারিচালিত রিকশাচালক লাবলু ফকিরের কাছে থাকা টাকা ও তাঁর রিকশাটি ছিনতাইয়ের জন্য তাঁকে হত্যা করা হয়েছে। ওই রিকশাচালক হত্যা মামলার চার আসামি আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এসব কথা বলেন। গতকাল মঙ্গলবার রাতে ফরিদপুরের ৬ নম্বর আমলি আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অরূপ বসাকের কাছে তাঁরা জবানবন্দি দেন।
ব্যাটারিচালিত রিকশাচালক লাবলু ফকির হত্যা মামলার পাঁচ আসামির মধ্যে চার আসামি মঙ্গলবার আদালতে জবানবন্দি দিয়েছেন। তাঁরা হলেন সালথার আটঘর ইউনিয়নের মীরকান্দি গ্রামের ওহিদ গাজী (৩২), হাতেম ফকির (৩২), মিলন মীর (২৫) ও পাশের বোয়ালমারী উপজেলার সুগন্ধী গ্রামের আজিজুল খান (২৬)। জবানবন্দি শেষে আদালতের নির্দেশে মঙ্গলবার রাতে তাঁদের জেলহাজতে পাঠানো হয়।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা সালথা থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, এ হত্যা মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে সোহাগ মাতুব্বর (২২) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাঁর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
নিহত চালকের নাম লাবলু ফকির (৪০)। তিনি সালথা উপজেলার আটঘর ইউনিয়নের মীরকান্দি গ্রামের হোসেন ফকিরের ছেলে। ১০ আগস্ট সকাল সাড়ে আটটার দিকে আটঘর-জয়কাইল সড়কের পাশের একটি খাদ থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ১২ আগস্ট লাবলুর স্ত্রী হনুফা বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে সালথা থানায় একটি মামলা করেন।
সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) সুমিনুর রহমান বলেন, যে জায়গা থেকে লাবলুর লাশ উদ্ধার করা হয়েছে, সে জায়গা থেকে একটি সিগারেটের টুকরা উদ্ধার করা হয়। সিগারেটের ওই ফেলে দেওয়া অংশের সূত্র ধরে সোমবার সালথা ও বোয়ালমারীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই পাঁচ আসামিকে গ্রেপ্তার করা হয়।
ফরিদপুর ডিএসবির অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম রিকশাচালক লাবলু হত্যা মামলার চার আসামির আদালতে দেওয়া জবানবন্দির বরাত দিয়ে বলেন, ওই আসামিরা লাবলু ফকিরের কাছ থেকে ১৫ হাজার টাকা এবং রিকশা ছিনতাই করার জন্য তাঁকে অপহরণ করে নিয়ে হত্যা করেন।
অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম আরও বলেন, লাবলু হত্যা মামলার আসামিরা একটি অপরাধ চক্রের সঙ্গে যুক্ত। তাঁদের আরও সহযোগী রয়েছেন। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। আসামি হাতেম ফকিরের নামে ধর্ষণের অভিযোগে একটি ও মারামারি করার অভিযোগে আরও দুটি মামলা রয়েছে। আরেক আসামি সোহাগের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা রয়েছে।