ফরিদপুরে দুজনের মৃত্যু, নমুনা সংগ্রহ

ফরিদপুরে আজ সোমবার দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। একজন ডায়রিয়াতে আক্রান্ত হয়ে মারা গেছেন। আরেকজন জ্বরে ভুগে। তাঁরা করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কিনা জানতে তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে।
শহরের ৩৫ বছর বয়সী এক যুবক দুই দিন ডায়রিয়াতে ভুগে আজ সকালে মারা যান। ওই যুবকের পরিবার সূত্রে জানা গেছে, আজ সকাল ৯টার দিকে ওই যুবককে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি শহরের একটি সিমেন্টের দোকানে ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।
এদিকে সাত দিন জ্বরে ভুগে আজ নিজের বাড়িতে মারা গেছেন ৪৫ বছর বয়সী এক ব্যক্তি। তিনি মাছ ধরে জীবিকা চালাতেন।
ফরিদপুরের সিভিল সার্জন মো. ছিদ্দীকুর রহমান বলেন, জ্বর ও ডায়রিয়া দুটিই করোনাভাইরাসজনিত রোগীর উপসর্গ। এ কারণে ওই দুজনের নমুনা সংগ্রহ করা হয়েছে। মৃত দুজনের বাড়ি লকডাউন করা হয়েছে। নমুনা পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর এ ব্যাপারে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।