ফরিদপুরে ধানখেত থেকে নারীর দগ্ধ লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হত্যা
প্রতীকী ছবি

ফরিদপুরে ধানখেত থেকে ট্রলি ব্যাগে এক নারীর দগ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার কৈজুরি ইউনিয়নের বিলনালিয়া গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।

ময়নাতদন্তের জন্য লাশটি ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল নয়টার দিকে কয়েকজন কৃষক বিলনালিয়া গ্রামের ধানখেতে লাশটি দেখতে পান। বাখুন্ডা-তালমা আঞ্চলিক সড়কের প্রায় আধা কিলোমিটার দূরে বিলনালিয়া উচ্চবিদ্যালয়ের উত্তর পাশে লাশটি ছিল। খবর পেয়ে পুলিশ সেখানে যায়।

অতিরিক্ত পুলিশ সুপার (ফরিদপুর সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার বলেন, লাশটি এক নারীর। বয়স ১৩ থেকে ২৫ বছরের মধ্যে হতে পারে। তাকে হত্যা করে এবং শরীরের বিভিন্ন অঙ্গ কেটে আনুমানিক ২০ থেকে ২২ ইঞ্চি আকারের একটি ট্রলি ব্যাগে ভরে ওই জায়গায় আনা হয়। এরপর পেট্রল কিংবা কোনো দাহ্য পদার্থ দিয়ে ব্যাগটিতে আগুন দেওয়া হয়। লাশের পাশে একটি দুই লিটার ধারণক্ষমতাসম্পন্ন খালি বোতল ও একটি বিস্কুটের প্যাকেট পাওয়া গেছে।

সুমন রঞ্জন সরকার আরও বলেন, ধারণা করা হচ্ছে, ওই নারীকে অন্য কোথাও থেকে হত্যা করে লাশটি এখানে এনে ফেলা হয়েছে। পরে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। আজ দুপুরেও ঘটনাস্থলে গিয়ে ধোঁয়া বের হতে দেখা যায়। এ থেকে অনুমান করা যায়, গতকাল সোমবার দিবাগত রাত তিনটা কিংবা তার কিছু পরে এ ঘটনা ঘটে থাকতে পারে। প্রমাণ নষ্ট করার জন্যই এই বীভৎস ঘটনা ঘটানো হয়েছে।