ফরিদপুরে নৌবন্দরের অচলাবস্থা দূর করার দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুর সিএন্ডবি ঘাট নৌবন্দরের অচল অবস্থা দূর করার দাবিতে বুধবার মানববন্ধন করেন বন্দর সংশ্লিষ্ট ব্যবসায়ী ও শ্রমিকরা
ছবি: প্রথম আলো

ফরিদপুরে সিঅ্যান্ডবি ঘাট নৌবন্দরের অচলাবস্থা দূর করার দাবিতে মানববন্ধন করেছেন বন্দরটির সঙ্গে জড়িত ব্যবসায়ী ও শ্রমিকেরা। আজ বুধবার সকাল ১০টার দিকে সিঅ্যান্ডবি ঘাট খাজনা ঘরের সামনে ও নৌবন্দরসংলগ্ন এলাকায় দুই দফায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

সিঅ্যান্ডবি ঘাট নৌবন্দরটি ফরিদপুর সদরের ডিক্রিরচর ইউনিয়নে অবস্থিত। খনন না করায় ডিক্রিরচরের ধলার মোড়, ফরিদপুর সদরের আলিয়াবাদ ইউনিয়নের সাদিপুর, চরভদ্রাসন উপজেলার গাজীরটেক ইউনিয়নের হাজীগঞ্জসহ বিভিন্ন স্থানে ডুবোচরে পণ্যবাহী নৌযান প্রায়ই আটকে যায়। ফলে চরম ভোগান্তির সৃষ্টি হয়। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌবন্দর কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) গত ১৫ জানুয়ারি থেকে ডুবোচরগুলো খননের কথা জানিয়েছিল। এ লক্ষ্যে দুটি বড় আকারের খননযন্ত্র আনা হয় সিঅ্যান্ডবি নৌবন্দরে। কিন্তু যে জায়গার ডুবোচর কাটার প্রয়োজন, সেই জায়গায় চরগুলো কাটা হচ্ছে না। ফলে জাহাজ চলাচলে সুফল পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ বন্দরসংশ্লিষ্টদের।

সিঅ্যান্ডবি ঘাট নৌবন্দরের শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুর রহিমের সভাপতিত্বে মানবন্ধনে বক্তব্য দেন ট্রলার মালিক সমিতির সভাপতি হেলালউদ্দিন, বালু ব্যবসায়ী মনোয়ার ফকির, আবুল কালাম আজাদ, কার্গো জাহাজের মালিক সাদেক মোল্লা প্রমুখ। বক্তারা বলেন, নদীতে নাব্যতা না থাকার কারণে জাহাজ চালাতে মারাত্মক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। ফলে পরিবার-পরিজন নিয়ে না খেয়ে থাকার উপক্রম হয়েছে। তাঁরা অভিযোগ করেন ঘাটে দুটি স্থানে ড্রেজিং করা হচ্ছে। কিন্তু মূলত যে স্থানে ড্রেজিং করার কথা, সেখানে না করে অন্যত্র ড্রেজিং করার কারণে নদীর নাব্যতা কমে যাচ্ছে। ফলে জাহাজ চলাচল করতে পারছে না।

ওই এলাকার ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, পৌষ থেকে জ্যৈষ্ঠ মাস পর্যন্ত ছয় মাস ঘাটে চরের কারণে অচলাবস্থা থাকে। ডিগ্রিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদি হাসান আক্ষেপ করে বলেন, সিঅ্যান্ডবি ঘাটকে নৌবন্দর হিসেবে ঘোষণা করা হলেও এখানে তেমন কোনো উন্নয়ন হয়নি। সড়কের অবস্থা এতটাই খারাপ যে বর্ষাকালে চলাচল অত্যন্ত কঠিন হয়ে দাঁড়ায়।

এলাকাবাসীর অভিযোগের ব্যাপারে জানতে চাইলে বিআইডব্লিউটিএ-এর সিঅ্যান্ডবি ঘাট বন্দরের কর্মকর্তা শাহ আলম বলেন, যাঁরা মানববন্ধন করেছেন, তাঁদের বক্তব্য সত্যও না, আবার মিথ্যাও না। আসলে জরিপ অনুযায়ী ড্রেজিং শুরু করা হয়েছে মাওয়া পয়েন্ট থেকে। ওই জায়গা থেকে ধীরে ধীরে সিঅ্যান্ডবি ঘাট এলাকায় আসার কথা। তবে ড্রেজিং করতে সময় বেশি লেগে যাওয়ায় এ মানববন্ধন হয়েছে। সরকারি কাজ করার প্রক্রিয়ার ক্ষেত্রে একটু সময় লাগে। আরও আগে কাজ শুরু করতে পারলে সমস্যা হতো না। সার্ভে করতেও অনেক সময় লেগে গেছে।