ফরিদপুরে পদ্মার পানি বিপৎসীমার ওপরে, ২৩৪ গ্রামের মানুষ পানিবন্দী
পদ্মা নদীর পানি বেড়ে যাওয়ায় ফরিদপুরে বিস্তীর্ণ এলাকার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। গত ২৪ ঘণ্টায় গোয়ালন্দ পয়েন্টে পদ্মা নদীর পানি ১০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে আজ বৃহস্পতিবার সকাল ছয়টায় বিপৎসীমার ৬১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।
স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে জানা গেছে, ফরিদপুর সদরের তিনটি, চরভদ্রাসনের চারটি, সদরপুরের দুটি এবং ভাঙ্গা উপজেলার একটি ইউনিয়ন বন্যাকবলিত হয়েছে। ওই ১০টি ইউনিয়নের ২৩৪টি গ্রামের ১৮ হাজার ৬০০ পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। এ ছাড়া ভাঙন দেখা দিয়েছে মধুখালী ও আলফাডাঙ্গা উপজেলায়।
সদর উপজেলার ডিক্রির চর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মেহেদী হাসান বলেন, ১ হাজার ৮০০ পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। ইউনিয়নের সব সড়ক ডুবে গেছে। লোকজন নৌকা ছাড়া ঘর থেকে বের হতে পারছে না। এ ছাড়া গবাদিপশু নিয় মানুষ অবর্ণনীয় বিপদে পড়েছে।
ফরিদপুর সদরের নর্থ চ্যানেল ইউপি চেয়ারম্যান মো. মোস্তাকুজ্জামান বলেন, তাঁর ইউনিয়নে তিনটি সড়কের বিশাল অংশ পানির তোড়ে ধসে পড়েছে। ইউসুফ মাতুব্বরের ডাঙ্গী ও বাসের মোস্তাফা ডাঙ্গী গ্রামের বেশ কয়েকটি পরিবার পানিতে নিমজ্জিত হয়ে পড়েছে। পানিতে এক শ একর জমির ফসল তলিয়ে গেছে।
চরভদ্রাসন উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় থেকে জানা গেছে, পানিতে ৭০ হেক্টর ফসল তলিয়ে গেছে। এ ফসলের মধ্যে বোনা আমন, উরশি রোপা আমন, কলা ও সবজি রয়েছে।
বন্যার পানি বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন এলাকায় ভাঙন দেখা দিয়েছে। চরভদ্রাসনে সদর ইউনিয়নের বালিয়াডাঙ্গি ও ফাজিল খার ডাঙ্গি, মধুখালীর কামারখালীতে এবং আলফাডাঙ্গার টগরবন্ধ ইউনিয়ন ভাঙনের কবলে পড়েছে। ভাঙন দেখা দিয়ে ফরিদপুর শহরের শোভারামপুর এলাকায়। ওই জায়গায় কুমার নাদে বিলীন হতে যাচ্ছে একটি পাকা সড়ক।
ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পার্থ প্রতীম সাহা বলেন, গত ২৪ গোয়ালন্দ পয়েন্টে পদ্মা নদীর পানি আরও ১০ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমর ৬১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আরও তিন থেকে চার দিন পানি বাড়তে থাকবে। ভাঙন রোধে উদ্যোগ নেওয়া হয়েছে। যেসব জায়গা বেশি ঝুঁকিপূর্ণ, সেসব এলাকায় কাজ আগে করা হবে।