ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দাদি-নাতনিসহ নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

ফরিদপুরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দাদি-নাতনিসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন। আজ বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের মানিক নগর সেতুর কাছে এবং সকাল সোয়া ১০টার দিকে মধুখালী উপজেলা সদরে পাইলট স্কুলের সামনে দুটি দুর্ঘটনা ঘটে।

নিহত তিনজন হলেন সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কুমারপট্টি গ্রামের রব্বান শেখের স্ত্রী নবী বেগম (৫৫), তাঁর নাতনি ময়না বেগম (২৫) ও মুধখালীর সাজেদা পারভীন (১২)। নিহত সাজেদা উপজেলার রায়পুর ইউনিয়নের দামুরদী গ্রামের বকুল শেখের মেয়ে। সে ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল।

ভাঙ্গা হাইওয়ে থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) শাহ আলম বলেন, দুর্ঘটনার পর পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে। তবে চালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নগরকান্দার মানিকনগর এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে ভাঙ্গাগামী গ্যাস সিলিন্ডারভর্তি একটি পিকআপ ভ্যানের সঙ্গে ফরিদপুরগামী একটি ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় ঘটনাস্থলে মারা যান নবী বেগম ও তাঁর নাতনি ময়না বেগম। তাঁরা অটোরিকশায় করে ফরিদপুরে এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। এ ঘটনায় আহত হয়েছেন অপর পাঁচজন। তাঁদের উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

অপর দিকে মধুখালী উপজেলা সদরে পাইলট স্কুলের সামনে বিজয় দিবসের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে ফরিদপুর থেকে মাগুরাগামী এমএম পরিবহন নামের একটি বাসের চাপায় সাজেদা পারভীন গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

করিমপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক আবদুল্লাহ মামুন বলেন, বাসটি জব্দ করা হয়েছে। তবে বাসচালক ও তাঁর সুপারভাইজার পালিয়ে গেছেন।