ফরিদপুরে পৌঁছেছে কামাল ইউসুফের মৃতদেহ, কাল বাদ জুমা জানাজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপি নেতা চৌধুরী কামাল ইবনে ইউসুফ
ফাইল ছবি

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও পাঁচবারের নির্বাচিত সংসদ সদস্য চৌধুরী কামাল ইবনে ইউসুফের মরদেহ তাঁর জন্মস্থান ফরিদপুরে পৌঁছেছে। আগামীকাল শুক্রবার বাদ জুমা বেলা তিনটায় শহরের রাজেন্দ্র কলেজ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে।

আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঢাকা থেকে লাশবাহী অ্যাম্বুলেন্সে করে চৌধুরী কামাল ইবনে ইউসুফের মরদেহ ফরিদপুরে এসে পৌঁছায়। করোনায় (কোভিড-১৯) আক্রান্ত চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার বেলা পৌনে একটার দিকে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান।

পারিবারিক সূত্র জানায়, বুধবার বাদ এশা রাজধানীর গুলশানে আজাদ মসজিদে চৌধুরী কামাল ইবনে ইউসুফের প্রথম জানাজা হয়। এরপর মরদেহ হিমগাড়িতে করে তাঁর বসুন্ধরার বাসভবনে রাখা হয়। সেখান থেকে আজ রাতে তাঁর লাশ ফরিদপুর শহরের ময়েজ মঞ্জিলে এসে পৌঁছালে সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। চৌধুরী কামাল ইবনে ইউসুফের স্ত্রী, মেয়ে ও পরিবারের সদস্যরা লাশবাহী গাড়ির সঙ্গে ফরিদপুরে আসেন।

আগামীকাল শুক্রবার বাদ জুমা বেলা তিনটায় শহরের রাজেন্দ্র কলেজ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে।

এ সময় সেখানে জেলা বিএনপির সাবেক সভাপতি জহিরুল হক শাহজাদা মিয়া, বিএনপির ঢাকা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি মাহবুবুল হাসানসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

নিউমোনিয়াজনিত সমস্যার দেখা দেওয়ায় কামাল ইবনে ইউসুফ গত ১৯ নভেম্বর ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। ২১ নভেম্বর করোনার নমুনা পরীক্ষায় তিনি করোনা পজিটিভ শনাক্ত হন। এক সপ্তাহ ধরে তাঁকে সিসিইউতে লাইফ সাপোর্ট দিয়ে রাখা হয়। বুধবার বেলা পৌনে একটার দিকে লাইফ সাপোর্টটি সরিয়ে ফেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক।

চৌধুরী কামাল ইবনে ইউসুফ ১৯৪০ সালের ২৩ মে ফরিদপুর জেলার সম্ভ্রান্ত জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি স্ত্রী, চার মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুর খবরে ফরিদপুরে শোকের ছায়া নেমে এসেছে। ফরিদপুর-৩ (সদর) আসন থেকে তিনি পাঁচ দফা সাংসদ নির্বাচিত হয়েছিলেন। বিএনপি যতবার সরকার গঠন করেছে, ততবারই তিনি মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আরও পড়ুন