ফরিদপুরে বজ্রপাতে কৃষক নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের নগরকান্দায় পাট ধোয়ার সময় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার পুরপাড়া ইউনিয়নের বেতাল গ্রামে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া কৃষকের নাম আজাদ ভূঁইয়া (৩০)। তিনি বেতাল গ্রামের বাসিন্দা আবদুল কুদ্দুছ ভূঁইয়ার ছেলে।
পুরপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সচিব শামসুল হক বলেন, বৃহস্পতিবার দুপুরে আজাদ ভূঁইয়া বাড়ির পাশের বিলে যান। সেখানে নৌকায় করে অন্য কৃষকের সঙ্গে পাট ধোয়ার কাজ করছিলেন। বেলা দেড়টার দিকে বজ্রপাতের ঘটনা ঘটে। একপর্যায়ে আজাদের সঙ্গে থাকা অন্য কৃষকেরা দেখতে পান, আজাদের নৌকাটি ফাঁকা পড়ে আছে। পরে তাঁরা বিলের পানিতে খোঁজাখুঁজি শুরু করেন। প্রায় আধা ঘণ্টা পর মৃত অবস্থায় তাঁরা বিলের পানি থেকে আজাদকে উদ্ধার করেন।