ফরিদপুরে বন্যায় ফসলের ক্ষতি প্রায় ৪৩ লাখ টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বন্যায় ডুবে গেছে ঘরবাড়ি। ডুবে গেছে নলকূপ। এর মধ্যে সংকট হচ্ছে বিশুদ্ধ পানির। ফরিদপুর সদরের আলীয়াবাদ ইউনিয়নের সাদীপুর এলাকার গৃহবধূ আসমা বেগম বিশুদ্ধ পানি সংগ্রহ করে ঘরে ফিরছেন। আজ সোমবার বেলা একটার দিকে সাদীপুর এলাকা থেকে তোলা। ছবি: প্রথম আলো

ফরিদপুরে বন্যায় প্রাথমিক ক্ষয়ক্ষতির একটি হিসাব করেছে কৃষি বিভাগ। তাতে দেখা গেছে, মোট ৩ হাজার ১৭৬ হেক্টর জমির বিভিন্ন ধরনের ফসলের ক্ষতি হয়েছে। এর ফলে উৎপাদন কম হবে ১৭৫ দশমিক ৭২ মেট্রিক টন। টাকার হিসেবে ক্ষতির পরিমাণ ৪৩ লাখ ১১ হাজার ৪০০ টাকা।

ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল, আলীয়াবাদ, ডিক্রির চর, অম্বিকাপুর, চর মাধবদিয়া ও ঈশান গোপালপুর, চরভদ্রাসন উপজেলার চর হরিরামপুর, চর ঝাউকান্দা, গাজীরটেক ও চরভদ্রাসন সদর ইউনিয়ন এবং সদরপুর উপজেলার চর নাসিরপুর, নারিকেলবাড়িয়া, চর মানাইর, চর বিষ্ণুপুর—ফরিদপুর জেলার এই ১৪টি ইউনিয়ন বন্যাকবলিত হয়েছে। এবারের বন্যার কারণে এই ইউনিয়নগুলোর ২২ হাজার ৬৫৬ জন কৃষক এ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছেন।

জেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ফরিদপুরে ১ হাজার ৬৪ হেক্টর জমির আউশ, ২ হাজার ৭৬০ হেক্টর জমির আমন, ২৮ হেক্টর জমির বীজতলা, ৪২৪ হেক্টর জমির রোপা আমন এবং ১৫৯ হেক্টর জমির সবজিসহ মোট ৪ হাজার ৪৩৫ হেক্টর জমি ফসল বন্যাকবলিত হয়েছে।

গত রোববার সকালে সদরের আলীয়াবাদ ইউনিয়নের বিল গজারিয়াতে ভেঙে যায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ২২ মিটার। ভেঙে যাওয়া অংশ মেরামতকাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে তোলা। ছবি: প্রথম আলো

এর মধ্যে সম্পূর্ণ বিনষ্ট হয়েছে ২ হাজার ২১৮ হেক্টর জমির ফসল এবং ২ হাজার ২১৭ হেক্টর জমির ফসল আংশিক বিনষ্ট হয়েছে। আংশিক নষ্টের মধ্যে নষ্ট ফসলের হিসাব করে আরও ৯৫৭ দশমিক ৮ হেক্টর জমির ফসল নষ্ট বলা যায়। সে হিসাবে সম্পূর্ণ বিনষ্ট হয়েছে ৩ হাজার ১৭৬ হেক্টর জমির ফসল।

কৃষি বিভাগ সূত্রে আরও জানা গেছে, এ ক্ষতির আলোকে ফরিদপুরে এবার ১৭৫ দশমিক ৭২ মেট্রিক টন ফসল কম উৎপাদন হবে। সে হিসাবে টাকায় ক্ষতির পরিমাণ দাঁড়াচ্ছে ৪৩ লাখ ১১ হাজার ৪০০ টাকা।

এ হিসাবের সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহকারী উপপরিচালক আশুতোষ বিশ্বাস বলেন, ‘চলমান বন্যার মতিগতি ভালো মনে হচ্ছে না। মনে হচ্ছে, বন্যা পরিস্থিতি দীর্ঘস্থায়ী হবে। এ প্রেক্ষাপটে আগামী দিনে কৃষিতে ক্ষতির পরিমাণ আরও বাড়বে বলেই ধারণা করা যাচ্ছে। বন্যার পানি নেমে যাওয়ার পর সরকারি উদ্যোগে বীজতলা সরবরাহ করাসহ কৃষকেরা যাতে তাঁদের ক্ষতি পুষিয়ে নিতে পারেন, সে ব্যাপারে কাজ করবে কৃষি বিভাগ।’