ফরিদপুরে বরকত-রুবেলের সহযোগী আরাফাত হেরোইনসহ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হেরোইনসহ গ্রেপ্তার আরাফাত হোসেন (৪২)
ছবি: সংগৃহীত

ফরিদপুরে আলোচিত দুই ভাই সাজ্জাদ হোসেন বরকত ও ইমতিয়াজ হাসান রুবেলের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত আরাফাত হোসেন ওরফে জুয়েলকে (৪২) ৩০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ফরিদপুর শহরতলির ব্রাহ্মণকান্দা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল।

আরাফাত হোসেন ফরিদপুর শহরের ব্রাহ্মণকান্দা এলাকার বাসিন্দা মৃত মনসুর মোল্লার ছেলে। তিনি বরকত-রুবলেকে মামা বলে ডাকতেন। এ কারণে তিনি ‘ভাগিনা জুয়েল’ নামে পরিচিত ছিলেন।

গোয়েন্দা পুলিশ জানায়, শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে ব্রাহ্মণকান্দার নিজ বাড়ির সামনে থেকে লুঙ্গি পরিহিত অবস্থায় আরাফাতকে গ্রেপ্তার করা হয়। তাঁর লুঙ্গির কোচরে পলিথিনের মধ্যে থেকে ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. শফিকুল ইসলাম বাদী হয়ে আজ শনিবার বিকেলে ফরিদপুর কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছেন।

ফরিদপুর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম বলেন, দুই হাজার কোটি টাকা পাচারের মামলার আসামি শহর আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন ও ফরিদপুর প্রেসক্লাবের বহিস্কৃত সভাপতি ইমতিয়াজ হাসানের সন্ত্রাসী বাহিনীর সদস্য হিসেবে কাজ করতেন আরাফাত। তাঁর বিরুদ্ধে ফরিদপুর কোতোয়ালি থানা, সাভার থানাসহ বিভিন্ন থানায় মোট ১০টি মামলা রয়েছে। এর মধ্যে চারটি মাদক, চারটি অস্ত্র, একটি দ্রুত বিচার আইন ও অপরটি চুরির মামলা। প্রতিটি মামলায় এজাহারভুক্ত আসামি আরাফাত।

মাদকসহ আটকের ঘটনায় হওয়া মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের এসআই সোহেল রানা বলেন, রোববার আরাফাতের পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।