ফরিদপুরে বাসের চাপায় কলেজশিক্ষক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

ফরিদপুরে বাসের নিচে চাপা পড়ে এক কলেজশিক্ষক মারা গেছেন। আজ রোববার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর পৌরসভার গঙ্গাবর্দী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সড়ক দুর্ঘটনায় মারা যাওয়া কলেজশিক্ষকের নাম মো. সালাহউদ্দিন (৪০)।  তিনি ফরিদপুর পৌরসভার গঙ্গাবর্দী এলাকার বাসিন্দা। সালাহউদ্দিন মাগুরা সদরের শত্রুজিৎপুর কলেজের শিক্ষক ছিলেন। তিনি চার মেয়ে ও এক ছেলের বাবা ছিলেন।

পুলিশ জানায়, আজ বিকেলে সোহাগ পরিবহনের একটি বাস যশোরের দিকে যাচ্ছিল। এ সময় কলেজশিক্ষক সালাহউদ্দিন মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। একপর্যায়ে বাসটি ওই মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই  সালাহউদ্দিন মারা যান। এ সময় সড়কের দুই পাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে করিমপুর হাইওয়ে থানার উপপরিদর্শক উত্তম রায় বলেন, বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।