ফরিদপুরে বিশ্ব জাকের মঞ্জিলে চার দিনব্যাপী ওরস সমাপ্ত
ফরিদপুরের সদরপুরের বিশ্ব জাকের মঞ্জিলে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো চার দিনব্যাপী ওরস। গত শনিবার থেকে আটরশির বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরিফে বিশ্ব ওলি খাজাবাবা ফরিদপুরী (কু. ছে. আ.) চার দিনব্যাপী ওরস শুরু হয়েছিল।
আজ মঙ্গলবার বাদ ফজর বিশ্ব মানবতার সুখ-শান্তি ও সাফল্য কামনা করে আখেরি মোনাজাত পরিচালনা করেন বিশ্ব ওলির আধ্যাত্মিক প্রতিনিধি জ্যেষ্ঠ পুত্র খাজা মাহফুজুল হক মোজাদ্দেদী। আখেরি মোনাজাতে বিশ্বব্যাপী মহামারি করোনার হাত থেকে রক্ষার জন্য বিশেষ দোয়া করা হয়।
ওরসে ১৭টি দেশসহ দেশের বিভিন্ন জেলার হাজার হাজার জাকেরান-আশেকানের সমাবেশ ঘটে। মঙ্গলবার সকালে বিদায়লগ্নে দরবার শরিফ থেকে পুখুরিয়া মওয়াঘাট পর্যন্ত গাড়ির যানজটের সৃষ্টি হয় বলে জানান ওরস পরিচালনাকারী কমিটি সভাপতি মো. শহিদুল ইসলাম।
চার দিন ধরে প্রতিদিন এই পবিত্র ওরস শরিফে ফরজ ইবাদতের পাশাপাশি পবিত্র কোরআন তিলাওয়াত, জিকির আজগার, মোরাকাবা-মোশাহেদা, ওয়াজ নসিহত, ওয়াজ মাহফিল এবং সুন্নাত ইবাদতের পাশাপাশি নফল ইবাদত অনুষ্ঠিত হয়।
বিশ্ব জাকের মঞ্জিলের কর্মী গ্রুপের ফরিদপুরে প্রধান কবিরুল ইসলাম সিদ্দিকী বলেন, মঙ্গলবার বিশ্ব ওলি হজরত মাওলানা শাহসুফি খাজাবাবা ফরিদপুরী (কু. ছে. আ.) কেবলাজান ছাহেবের স্থলাভিষিক্ত ও প্রতিনিধি পীরজাদা মাহফুজুল হক মুজাদ্দেদী ছাহেব আখেরি মোনাজাত অনুষ্ঠান পরিচালনা করেন। এরপর আগত সবাই বিভিন্ন গাড়িতে কিংবা হেঁটে নিজ নিজ বাড়ির উদ্দেশে রওনা হন।