ফরিদপুরে বেশি আক্রান্ত ২০ থেকে ৪০ বছর বয়সীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে প্রথম করোনা শনাক্ত হয় গত ১৩ এপ্রিল। ওই দিন নগরকান্দা উপজেলায় দুইজনের করোনা শনাক্ত হয়। ওই দিন থেকে আজ ১২ মে পর্যন্ত এক মাসে ফরিদপুরে করোনা শনাক্ত হয়েছে ৪২ জনের। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে ২০ থেকে ৪০ বছর বয়সী ব্যক্তি।

ফরিদপুরে নমুনা পরীক্ষার ভিত্তিতে আক্রান্তের হার ৩ দশমিক ৪৯। আক্রান্তের ৩০ দশমিক ৯৫ ভাগ নারী এবং ৬৯ দশমিক শূন্য ৫ ভাগ পুরুষ।
ফরিদপুরে করোনা পরীক্ষার নমুনা নেওয়া শুরু হয় ২ এপ্রিল থেকে। ২ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত সিভিল সার্জনের মাধ্যমে ১৩৮ জনের নমুনা সংগ্রহ করে ঢাকার আইইডিসিআরের মাধ্যমে পরীক্ষা করা হয়। ২০ এপ্রিল থেকে ফরিদপুর মেডিকেল কলেজে স্থাপিত ল্যাবে করোনার পরীক্ষা শুরু হয়। জেলায় এ পর্যন্ত ১ হাজার ২০২ জনের করোনা পরীক্ষা করা হয়েছে।
আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ২০ বছরের মধ্যে আছেন ৯ জন, ৪০ বছরের মধ্যে আছেন ২০ জন, ৬০ বছরের মধ্যে আছেন ১১ জন ও ষাটোর্ধ্ব আছেন ২ জন।
আক্রান্ত ব্যক্তির মধ্যে একজন চিকিৎসক, একজন নার্স, একজন মেডিকেল টেকনিশিয়ান ও একজন পুলিশ সদস্য রয়েছেন। এ ছাড়া একজন এসএসসি পরীক্ষার্থীসহ ছয়জন শিক্ষার্থী, দুইজন গৃহবধূ, একজন দরজি, একজন ব্যাংককর্মী, একজন রংমিস্ত্রি রয়েছেন। বাকিরা সবাই ঢাকার বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে গাড়ি চালানোসহ বিভিন্ন পেশায় নিয়োজিত।
ফরিদপুরে আক্রান্ত ৪২ জনের মধ্যে সাতজন সুস্থ হয়েছেন।
ফরিদপুরের সিভিল সার্জন মো. ছিদ্দিকুর রহমান বলেন, ‘ফরিদপুরে করোনা শনাক্তের হার বাড়ছে। আজ এক দিনে সর্বোচ্চ নয়জনের করোনা শনাক্ত হয়েছে। ১০ মে সর্বোচ্চ ছয়জন শনাক্ত হয়েছিলেন। ক্রমবর্ধমান এ হার জানান দেয়, আমাদের আরও সতর্ক, সজাগ ও দায়িত্বশীল হতে হবে। আমাদের অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং অকারণে বাড়ির বাইরে বের হওয়া যাবে না।’