ফরিদপুরে মহাসড়কের পাশের ৮০টি অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল সড়ক বিভাগ
ফরিদপুর সদর উপজেলার কানাইপুর বাজারসংলগ্ন ঢাকা-খুলনা মহাসড়কের উত্তর পাশে অন্তত এক কিলোমিটার এলাকায় ৮০টি পাকা, আধা পাকা ও টিনের অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে সড়ক বিভাগ। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত এ উচ্ছেদ অভিযান চালানো হয়।
বৃষ্টির মধ্যে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সড়ক ও জনপথ অধিদপ্তর খুলনা জোনের সম্পত্তি ও আইন কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দিতা রায়।
স্থানীয় প্রশাসন সূত্র জানায়, অভিযানকালে সড়ক বিভাগের জায়গা দখল করে অবৈধভাবে গড়ে ওঠা কানাইপুর উচ্চবিদ্যালয় ও কানাইপুর জামে মসজিদ মার্কেটের দুইতলা ভবনের ওপরে ও নিচের মোট ২৮টি দোকান ভেঙে দেওয়া হয়। এ ছাড়া অনেক আধা পাকা, টিনের ও ছাপরাঘর গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
অভিযানকালে অনেক ব্যবসায়ী মালপত্র সরানোর সময়ও পাননি। অনেককে কান্না করতেও দেখা যায়। কানাইপুর জামে মসজিদ কমিটির সদস্য মকবুল হোসেন বলেন, ‘আমাদের মার্কেট আমাদের কেনা জায়গায় নির্মিত। সড়ক বিভাগ ওই জায়গা নিজেদের দাবি করে দোতলা মার্কেটের ১৪টি দোকান গুঁড়িয়ে দিয়েছে।’
স্থাপনা না ভাঙার জন্য গতকাল বুধবার বিকেলে ব্যবসায়ীরা কানাইপুরে মহাসড়কের পাশে মানববন্ধন করেছেন জানিয়ে কানাইপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম বলেন, ‘রাস্তার দুই পাশ সমান হারে বাড়ানোর দাবি জানিয়েছিলাম। কিন্তু আমাদের কোনো কথায় সড়ক বিভাগ কান দেয়নি। আমাদের দুইতলা মার্কেটের ১৪টি দোকান ভেঙে দেওয়া হয়েছে।’
তবে উচ্ছেদ অভিযানের প্রশংসা করেছেন কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন।
তিনি বলেন, সরকার তার নিজস্ব জায়গা উদ্ধার করেছে, এটা একটি ভালো দিক। সাধারণ জনগণ এ কাজে সন্তুষ্ট। এত দিন যাঁরা সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করে ভাড়া দিয়ে টাকা আয় করছিলেন, তাঁদের উচিত ছিল সরকারের নির্দেশ মেনে দোকানগুলো সরিয়ে নেওয়া। বেলায়েত হোসেন বলেন, যেসব দখলদার সরকারি জায়গা অবৈধভাবে দখল করে স্থাপনা নির্মাণ করেছিলেন, তাঁদের উচিত ব্যবসায়ীদের ক্ষতিপূরণ দেওয়া।
সড়ক বিভাগ সূত্রে জানা গেছে, প্রায় এক মাস ধরে ওই সব অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য ব্যবসায়ীদের বলা হয়েছে। স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য নোটিশ, গণবিজ্ঞপ্তি ও সংবাদপত্রে বিজ্ঞাপন দেওয়া হয়েছে। সবশেষ মাইকিং করে বুধবারের মধ্যে সব অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।
ফরিদপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. ইমরান ফারহান বলেন, অভিযানে ৭৫ থেকে ৮০টি স্থাপনা উচ্ছেদ করে প্রায় এক একর জমি উদ্ধার করা হয়। এ জমির বাজারমূল্য ১০ কোটি টাকা।