ফরিদপুরে মানব পাচার চক্রের সদস্য সন্দেহে একজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাতকড়া
প্রতীকী ছবি

ফরিদপুরে মানব পাচার চক্রের সদস্য সন্দেহে একজনকে আটক করেছে র‍্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল। গতকাল মঙ্গলবার রাতে শহরের গোয়ালচামট মহল্লার রথখোলা যৌনপল্লিতে অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম মো. আদল কাজী (৫০)। তিনি ফরিদপুর সদরের পূর্ব গঙ্গাবর্দি এলাকার বাসিন্দা।

আজ বুধবার সকালে র‍্যাব-৮ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা জানতে পারে, দীর্ঘদিন ধরে ওই ব্যক্তি বিভিন্ন জেলা থেকে মেয়েদের ভালো বেতনের চাকরি ও টিকটকের মডেল বানানোর প্রলোভন দেখিয়ে ফরিদপুর যৌনপল্লিসহ বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলেন। এ বিষয়ে ফরিদপুর র‍্যাব ক্যাম্প অনুসন্ধান চালিয়ে ঘটনার সত্যতা পায়।

র‍্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ আবদুর রহমান জানান, শহরের রথখোলার যৌনপল্লি থেকে আদল কাজীকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি মুঠোফোন ও নগদ ১২ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়েছে।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল বলেন, এ ঘটনায় আজ সকালে র‍্যাব বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় মানব পাচার আইনে একটি মামলা করেছে।