ফরিদপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় কিশোর নিহত
ফরিদপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. ফারহান রহমান ওরফে ফাইন নামে এক কিশোর নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে শহরের টেপাখোলা লেকপাড়ের শিশু সদনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় আকাশ (২২) নামে আরেক তরুণ আহত হয়েছেন। তাঁকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ফারহান গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গুপ্তর গাছি গ্রামে মৃত মজিবর রহমানের ছেলে। দুই ভাই ও এক বোনের মধ্যে ফারহান ছোট। ফারহান শহরের সিএন্ডবি কলোনীতে বোনের বাড়িতে থাকত।
কোতোয়ালি থানা সূত্রে জানা যায়, রাত সাড়ে ৯টার দিকে ফারহান ও আকাশ একটি মোটরসাইকেলে করে শহরের সিএন্ডবি ঘাট থেকে বাড়ি আসছিল। শিশু সদনের সামনে এলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এ দুর্ঘটনা ঘটে।
ফরিদপুর কোতোয়ালি থানার উপপরির্দশক (এসআই) প্রসাদ কুমার চাকী বলেন, ফারহানের পরিবারের আপত্তি না থাকায় বিনা ময়নাতদন্তে তার লাশ পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়েছে।