ফরিদপুরে রাস্তার ধারে মৃত্যু দিনমজুরের, সারা দিনেও কাছে যায়নি কেউ

জ্বরে আক্রান্ত হয়ে রাস্তার পাশের গর্তে পড়েছিলেন আব্দুস সামাদ মণ্ডল। করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে সারা দিনেও তাঁকে উদ্ধারে এগিয়ে আসেনি কেউ। অবশেষে প্রশাসনের উদ্যোগে দীর্ঘসময় পর রাতে তাঁকে উদ্ধার করা হয়। এরপর ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
ফরিদপুরের মধুখালী উপজেলায় শুক্রবার এ ঘটনা ঘটে। মৃত ব্যক্তির নাম আব্দুস সামাদ মণ্ডল (৪৮)। তিনি ঝিনাইদহ জেলা শহরে খাজুরা সিটি কলেজ এলাকার মৃত আফজল হোসেন মণ্ডলের ছেলে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, আব্দুস সামাদ পেশায় একজন দিনমজুর। তিনি ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের মাঝিবাড়ী এলাকার এক ব্যক্তির বাড়িতে থেকে কাজ করতেন। ৫/৬দিন আগে তিনি জ্বরে আক্রান্ত হন। ফলে গত বৃহস্পতিবার রাতে তাঁকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়। শুক্রবার সকালে সামাদ একটি রিকশায় করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্দেশ্যে রওনা হন। পথে একটি পাটকলের কাছে রাস্তার পাশের গর্তে সামাদ ফেলে রেখে পারিয়ে যান ওই রিকশাচালক।
সারা দিন ওই গর্তের ধারেই পড়ে ছিলেন আব্দুস সামাদ। ওই পথ দিয়ে অনেক যাতায়াত করলেও কেউ তাঁর সাহায্যে এগিয়ে যায়নি। খবর পেয়ে শুক্রবার সন্ধ্যায় সেখান যান মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তফা মানোয়ার ও মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান ।
ওসি আমিনুর রহমান বলেন, ‘জ্বরে আক্রান্ত ওই ব্যক্তিকে করোনায় আক্রান্ত সন্দেহে পথে ফেলে যান ভ্যানচালক। এরপর থেকে তিনি মহাসড়কের পাশের ওই গর্তেই পড়েছিলেন। রাত ৯টার দিকে আমরা ওই ব্যক্তিকে উদ্ধার করি। বিশেষ অ্যাম্বুলেন্সযোগে তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।’
উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, জ্বরে আক্রান্ত হওয়ায় আব্দুস সামাদকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সে নেওয়ার সুযোগ ছিল না। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে একটি বিশেষ অ্যাম্বুলেন্স আনা হয় ফরিদপুর থেকে। রাত পৌনে ১১টার দিকে সামাদকে অ্যাম্বুলেন্সযোগে হাসপাতালে আনা হয়। পরীক্ষা করে দেখা যায়, হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে তাঁর।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সাইফুর রহমান বলেন, শুক্রবার রাতেই নমুনা সংগ্রহ করা হয়। শনিবার সকালে নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।