ফরিদপুরে শনাক্তের হার বেড়ে ৩০ দশমিক ৮০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার বেড়ে হয়েছে ৩০ দশমিক ৮০। আগের ২৪ ঘণ্টায় শনাক্তের হার ছিল ১৩ দশমিক ৩৩। সে হিসেবে এক দিনের ব্যবধানে শনাক্তের হার বেড়েছে ১৭ দশমিক ৪৭ শতাংশ।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, রোববার সকাল আটটা থেকে সোমবার সকাল আটটা পর্যন্ত ২৩৭ জনের নমুনা পরীক্ষা হয়েছে। করোনা শনাক্ত হয়েছে ৭৩ জনের। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ২১৭ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয় ৬৯ জনের। এর মধ্যে ফরিদপুর সদরেরই ৪৫ জন।

এর বাইরে আলফাডাঙ্গার একজন, ভাঙ্গায় তিনজন, বোয়ালমারীতে দুজন, নগরকান্দায় নয়জন, মধুখালীতে সাতজন, সদরপুরে একজন, সালথায় একজন রয়েছেন। এ ছাড়া বিভিন্ন উপজেলায় র‌্যাপিড অ্যান্টিজেন পদ্ধতিতে ২০ জনের নমুনা পরীক্ষা করে শনাক্ত হয়েছেন ৪ জন করোনা রোগী।

এদিকে গত ২৪ ঘণ্টায় ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনজন। তাঁরা সবাই করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। এর মধ্যে একজন ফরিদপুরের এবং অপর দুজন গোপালগঞ্জের বাসিন্দা।

করোনা ডেডিকেটেড এই হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন ৭৩ জন। এর মধ্যে করোনা শনাক্ত রোগী ৫৩ জন। গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন ১৯ জন। এই হাসপাতালে এ পর্যন্ত মারা গেছেন ৫১০ জন।