ফরিদপুরে শহীদ মিনার ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কালামৃধা গোবিন্দ উচ্চবিদ্যালয়ের শহীদ মিনার রাতের আঁধারে ভেঙে ফেলেছে অজ্ঞাত দুর্বৃত্তরা।
গত রোববার দিবাগত রাতের কোনো একসময় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা ঘটনার নিন্দা জানিয়ে অবিলম্বে দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে। ভাঙ্গা থানার পুলিশ আজ সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. নওশের উজ্জামান জানান, ১৯২৭ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টিতে প্রায় ২০ বছর আগে এ শহীদ মিনারটি নির্মাণ করা হয়। গত রোববার রাতে দুর্বৃত্তরা শহীদ মিনারের তিনটি স্তম্ভের মধ্যে মাঝেরটিসহ দুটি স্তম্ভ ভেঙে ফেলে। তিনি বলেন, ‘সোমবার সকালে বিদ্যালয় ক্যাম্পাসে গিয়ে আমরা শহীদ মিনারটি ভাঙা অবস্থায় দেখতে পাই। এ বিষয়ে ভাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।’
বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি এ কে এম শফিকুর রহমান বলেন, ৩, ৪, ৫ ফেব্রুয়ারি বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের নৈশপ্রহরী গত তিন দিন অনেক পরিশ্রম করায় রোববার রাতে ঘুমিয়ে পড়েছিলেন। এই সুযোগে দুর্বৃত্তরা শহীদ মিনারটি ভেঙে ফেলে।
কালামৃধা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান লিটন মাতুব্বর বলেন, এ ঘটনায় যারা জড়িত তাদের অবিলম্বে গ্রেপ্তার করে শাস্তি দিতে হবে। ভাষার মাসে বিদ্যালয়ের শহীদ মিনার ভেঙে ফেলার ঘটনাটি কোনো অবস্থাতেই হালকাভাবে দেখার সুযোগ নেই।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আব্দুল্লাহ বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্তকাজ চলছে। এ ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে তাদের আইনের আওতায় আনা হবে।’