ফরিদপুরে ১৭৬ জনের করোনা শনাক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাসের প্রতীকী ছবি

ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় করোনা ও করোনার উপসর্গ নিয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এই সময়ে জেলায় আরও ১৭৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে ফরিদপুরে করোনা শনাক্তের সংখ্যা দাঁড়াল ১৯ হাজার ২৫৯। আজ মঙ্গলবার জেলা সিভিল সার্জনের কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় করোনায় চারজন এবং  করোনার উপসর্গ নিয়ে তিনজন মারা গেছেন। তাঁদের মধ্যে ফরিদপুরের ছয়জন এবং রাজবাড়ীর একজন।

করোনায় মারা যাওয়া চারজনের মধ্যে ফরিদপুরের তিনজন এবং রাজবাড়ীর একজন। তাঁরা সবাই ফরিদপুরের করোনা ডেডিকেটেড ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।  

ফরিদপুরে করোনায় মারা যাওয়া তিনজন হলেন ভাঙ্গা উপজেলার আসমা বেগম (৪০), সদরপুরের পান্নু মৃধা ও বোয়ালমারীর নিলুপা ইয়াসমিন (৫৭)। রাজবাড়ীতে মারা গেছেন বালিয়াকান্দির বৈদ্যনাথ দাস (৬৫)। করোনার উপসর্গ নিয়ে মৃত্যু হওয়া তিনজনের মধ্যে ফরিদপুরের দুজন এবং রাজবাড়ীর একজন।

ফরিদপুর সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, ফরিদপুরে আরটি –পিসিআর ল্যাবে ৪২৫ জনের নমুনা পরীক্ষা করে ১৬৭ জনের এবং র‌্যাপিড অ্যান্টিজেনে ৫৫ জনের পরীক্ষা করে নয়জনের করোনা শনাক্ত হয়েছে।

আরটি–পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় আলফাডাঙ্গায় ৯, ভাঙ্গায় ১৭, বোযালমারীতে ৫, নগরকান্দায় ৬, মধুখালীতে ১৯, সদরপুরে ২২, চরভদ্রাসনে ১০, সালথা ২ এবং সদরে ৭৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

ফরিদপুরের সিভিল সার্জন মো. ছিদ্দীকুর রহমান বলেন, ফরিদপুরে এ পর্যন্ত ১৯ হাজার ২৫৯ জনের করোনা শনাক্ত হয়েছে। তবে শনাক্তের এ তালিকার মধ্যে র‌্যাপিড অ্যান্টিজেনে শনাক্তদের সংখ্যা যুক্ত করা হয়নি।

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সাইফুর রহমান বলেন, করোনা ডেডিকেটেড হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রোগী রয়েছেন ২৮১ জন। এর মধ্যে করোনা রোগী ২১৯ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৪৫ জন এবং সুস্থ হয়েছেন ৪৮ জন। এ পর্যন্ত জেলায় মারা গেছেন ৪৪৫ জন।